বাংলাদেশ-ভারত ম্যাচের বিতর্কিত সেই আম্পায়ার এখন অবসরে

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে আজ (শনিবার) ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের পরই অবসরে যাচ্ছেন বাংলাদেশের দর্শকদের কাছে বিতর্কিত আম্পায়ার ইয়ান গোল্ড। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে ভুল সিদ্ধান্ত দিয়ে বেশ সমালোচিত হয়েছিলেন এই আম্পায়ার।

সেই বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে রোহিত শর্মার আউটটিকে ‘নো’ বল ডাকেন গোল্ড। এছাড়া ওই ম্যাচে আরও কয়েকটি সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে গিয়েছিল।

আম্পায়ারিংকে পেশা হিসেবে নেয়ার আগে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেললেও খুব একটা আলো ছড়াতে পারেননি গোল্ড। ১৮ টি ওয়ানডেতে ১৪ ইনিংসে ব্যাট হাতে নেমে ১২.৯১ গড়ে ১৫৫ রান করেন তিনি। তবে ফার্স্ট ক্লাস ক্রিকেটে ৮৪৫৬ ও লিস্ট-এ ক্রিকেটে ৪৩৭৭ রানের মালিক গোল্ড।

২০০৬ সালে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার একটি টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং শুরু করেন ইয়ান গোল্ড। এর পাঁচদিন পরই ওয়ানডে ক্রিকেটে আম্পায়ার হিসেবে অভিষেক হয় তার। এরপর বিশ্বকাপেও ম্যাচ পরিচালনার সুযোগ পান এই ইংলিশম্যান।

২০১১ সালের বিশ্বকাপে ভারত-পাকিস্তান সেমিফাইনালে আম্পায়ারিং করা জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য প্রাপ্তি ইংল্যান্ডের এই আম্পায়ারের। খেলোয়াড়ি জীবনে বিশ্বকাপ সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখতেন ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার, ২৮ বছর পর তা পূরণ হয়েছে আম্পায়ার হিসেবে।

৬১ বছর বয়সী গোল্ড আন্তর্জাতিক ক্রিকেটে ৭৪ টি টেস্ট ও ১৪০ টি ওয়ানডে ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করেছেন।