ঈদের পরই বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কান ক্রিকেট দল। সফরে তামিম ইকবালদের সঙ্গে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে তারা। সেই লড়াইয়ের জন্য বুধবার ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। যে দলে তরুণ ক্রিকেটারদের সংখ্যাই বেশি।
নিয়মিত অধিনায়ক দিমুথ করুনারাত্নে নেই বাংলাদেশ সফরের তিন ম্যাচ ওয়ানডে সিরিজে। দলের নেতৃত্ব দেবেন উইকেটকিপার ব্যাটসম্যান কুশল পেরেরা। সহ-অধিনায়ক করা হয়েছে কুশল মেন্ডিসকে।
করুনারাত্নে ছাড়াও বাংলাদেশ সফরে আসছেন না অভিজ্ঞ দিমুথ করুনারত্নে, দীনেশ চান্দিমাল, নুয়ান প্রদীপ, সুরঙ্গা লাকমাল আর অ্যাঞ্জেলো ম্যাথুস। দলের নতুন মুখ চামিকা করুনারাত্নে ও শিরান ফার্নান্দো। জাতীয় দলে দলে ফিরে ইসরু উদানা ও ধনঞ্জয় ডি সিলভা।
সবকিছু ঠিক থাকলে ১৬ মে ঢাকায় আসবে লঙ্কান দল। ২৩ মে টাইগারদের সঙ্গে সিরিজের প্রথম ওয়ানডে। দ্বিতীয় ও শেষ ওয়ানডে ২৫ ও ২৮ মে। দিবা-রাত্রির ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
বাংলাদেশ সফরের শ্রীলঙ্কা দল-
কুশল পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), দানুশকা গুনাথিকালাকা, ধনঞ্জয় ডি সিলভা, পাথুম নিসাঙ্কা, আশেন বান্দারা, ভানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, আকিলা ধনঞ্জয়, নিরোশান ডিকভেলা, দুশমন্থ চামিরা, রমেশ মেন্ডিস, আসিথা ফার্নান্দো, লাকশান সান্দাকান, চামিকা করুনারাত্নে, বিনুরা ফার্নান্দো ও শিরান ফার্নান্দো।


