২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর ২৬ জুন এই সেতু দিয়ে হাজার হাজার মোটরসাইকেল পার হয়েছে। তবে ওইদিনই সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ করেছে সেতু কর্তৃপক্ষ। এর ফলে সেতু পার হতে এখন নতুন বুদ্ধি বের করেছেন বাইকাররা। সোমবার সকালে দেখা যায় পিকআপে বাইক তুলে পদ্মা সেতু পার হচ্ছেন বাইকাররা।
আজ সকাল থেকে টোল প্লাজার আশপাশে মোটরসাইকেল আসতে দেওয়া হচ্ছে না। যারা আসছে তাদের পিছনে পাঠিয়ে দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সরেজমিনে দেখা যায়, টোল প্লাজার আগেই আটকে দেওয়া হচ্ছে মোটরসাইকেলগুলো। টোল প্লাজার আশপাশে তেমন গাড়ির জটলা নেই। বাইকগুলো পিকআপে তুলে সেতু পার করা হচ্ছে। প্রতিটি পিকআপে ৫ থেকে ৬টি করে মোটরসাইকেল ওঠানো হচ্ছে। এর জন্য ১৩০০ থেকে ১৫০০ টাকা করে নিচ্ছেন পিকআপ চালকরা।


