কহিনুর বাউফল(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই গ্রæপের সংঘর্ষে ১০ আহত ও ১ জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ১০টায় উপজেলার ১৪নং নওমালা ইউনিয়নের নওমালা কলেজ সড়ক এলাকায় আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো: কামাল হোসেন বিশ্বাসের নৌকার সমর্থক ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান মো: শাহজাদা হাওলাদারের ঘোড়া প্রতীকের সমর্থকের মধ্যে এ সংঘর্ষ হয়েছে।
এ সময় সজীব(১৯) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়। সজীব ওই ইউনিয়নের নিজ বটকাজল গ্রামের নাসির প্যাদার ছেলে। গুলিবিদ্ধ সজীব (১৯) কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং আহতদের স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত সজিব জানান, সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের উপস্থিতেই নৌকার সমর্থকদের ছোড়া গুলিতে তিনি আহত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক মো: তাসিফুল ইসলাম বলেন, অস্ত্রোপচারের আগে বলা যাবে না ওটা কি? তবে তাঁর ঘাঁড়ের বাঁ দিক দিয়ে কিছু একটা ঢুকেছে সেটা নিশ্চিত। নৌকার সমর্থকরা অবশ্য বিষয়টি অস্বীকার করে বলেন, আমরা এ সম্পর্কে কিছুই জানি না। স্থানীয়রা জানান, নওমালা ইউপির ৬ নম্বর ওয়ার্ডে ঘোড়া প্রতীকের সমর্থকদের আধিপত্য বেশি। শনিবার রাতে নৌকার সমর্থকেরা আধিপত্য বিস্তার করতে ওই এলাকায় ঢুকে পড়েন। রাত সাড়ে ১০টার সময় সাহা গাজীর বাড়ির সামনে পৌঁছালে ঘোড়া ও নৌকা প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে।
বাউফল থানার ওসি আল মামুন বলেন,‘ গুলি ছোড়ার বিষয়টি সত্য নয়। তবে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।


