বাউফলে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ আন্ত:জেলা ডাকাত দলের সর্দার গ্রেফতার

কহিনুর বাউফল (পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় চার রাউন্ড গুলি ও বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ আন্ত:জেলা ডাকাত দলের সর্দার ইসমাইল গাজীকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। ২১.১১.২১ইং তারিখ রোজ রবিবার ভোরে উপজেলার ৪নং কেশবপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ইসমাইল কেশবপুর গ্রামের মৃত সায়েদ আলী গাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তিগত সহায়তায় অভিযান চালিয়ে ইসমাইলকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৪ রাউন্ড গুলি, ৪ টি বল্লম, ৪ টি পাইপ, ৩ টি দেশীয় রান্দা, ২ টি চাকু, ১ টি ড্্িরল মেশিন, ৬ টি রেইঞ্জ, ১টি প্লাস এবং লোহা সাদৃশ বেশ কিছু ডাকাতি সরঞ্জাম উদ্ধার করা হয়। এসব অস্ত্র নিয়ে তিনি ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিলো বলে জানায় পুলিশ।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন জানান, ইসমাইলের নামে বাউফলসহ দেশের বিভিন্ন থানায় বেশ কয়েকটি ডাকাতি মামলা রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে বাউফল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।