জেলা প্রতিবেদকঃ ঘেরে মাটি কাটা নিয়ে মারামারিতে বাগেরহাটের মোরেলগঞ্জে আব্দুস ছালাম খান (৬১) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলার ঝিউধারা ইউনিয়নের সমাদ্দারখালী গ্রামে এ ঘটনা ঘটে। ছালাম একই গ্রামের বাসিন্দা।
ঝিউধারা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সাইদুল ইসলাম জানান, সকালে নিজ বাড়ির পাশে ঘেরে মাটি কাটতে যান ছালাম। এসময় তার আপন চাচাতো ভাই মাটি কাটতে বাধা দিলে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে ঘেরের পানিতে পড়ে যান ছালাম। তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল হক জানান, ঘেরে মাটি কাটা নিয়ে একই গ্রামের হেলাল, লালমিয়াসহ প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতিতে বৃদ্ধ
আব্দুস ছালামের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে ছালামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে ছালামের মৃত্যু হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে। এছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


