বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।
মঙ্গলবার সকালে বাগেরহাট-মাওয়া, খুলনা-মংলা মহাসড়কের প্রায় ৭০ কিলোমিটার এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এই সড়কের অন্তত ১৭০ কিলোমিটার এলাকায় অভিযান চালাবে সড়ক ও জনপথ বিভাগ।
অভিযানের নেতৃত্ব দেন সড়ক ও জনপথ বিভাগের ভূসম্পত্তি কর্মকর্তা ও সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শরিফুল ইসলাম।
আজ সকালে বাগেরহাট-খুলনা মহাসড়কের নওয়াপাড়া এলাকায় বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়। প্রথমদিনে ৭০ কিলোমিটার এলাকার সব স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
এ সময় তার সঙ্গে ছিলেন বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদসহ কর্মকর্তারা।
সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন মহাসড়কগুলোতে দুর্ঘটনা এড়াতে এই অভিযান চালানো হচ্ছে। এই রাস্তার পাশে যেসব অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল তা ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। অবৈধ স্থাপনা সরিয়ে এসব স্থানে বৃক্ষরোপণ করা হবে।
বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু প্রভাবশালী মহাসড়কের দু’পাশের জায়গা দখল করে রেখেছিল। এর ফলে প্রায়্ই দুর্ঘটনায় সাধারণ মানুষ হতাহতের শিকার হচ্ছিল। এ অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরো বলেন, উচ্ছেদ অভিযান পরিচালনার পূর্বে সার্ভেয়ারের মাধ্যমে সড়ক ও জনপথ অধিদপ্তর সড়কের দু’পাশে সীমনা নির্ধারণ করে লাল দাগ দিয়ে চিহ্নিত করে এবং অভিযানের এক সপ্তাহ পূর্বে থেকেই মাইকিং করে অবৈধ দখলদারদের তাদের স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছিল।


