ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

বাজার অভিযানে ৪৩টি প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে সারা দেশে ৪৩টি প্রতিষ্ঠানকে ২ লাখ ১১ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৭ এপ্রিল) রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়।

পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সাথে বিক্রয় রশিদের গড়মিল, পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ না করা, অনিবন্ধিত ওষুধ, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও পণ্য, নকল মাস্ক -স্যানিটাইজার, ওজনে কারচুপিসহ বিভিন্ন অপরাধে এসব জরিমানা করা হয়।

অভিযানকালে ভোজ্যতেল, চাল, পেঁয়াজ, ছোলা, চিনি, খেজুর, স্যানিটাইজার ও মাস্কসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয় হচ্ছে কিনা তা তদারকি করা হয়।

এসময়, ঢাকা মহানগরসহ বিভিন্ন জেলা ও উপজেলাতে চালানো বাজার অভিযানে ভোক্তা ও ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে বাজারে পণ্য ক্রয়-বিক্রয় করতে সতর্ক করার পাশাপাশি মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চলতে সচেতনতামূলক প্রচারণা চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। স্বাস্থ্য সুরক্ষায় অধিদপ্তরের পক্ষ হতে ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এছাড়াও ঢাকাসহ সারা দেশে টিসিবি কর্তৃক ন্যায্যমূল্যের পণ্য বিক্রয় কার্যক্রম (ট্রাক সেল) তদারকি করা হয়।

ঢাকা মহানগরীর কাওরান বাজার, বসুন্ধরা কাঁচাবাজার, রায়ের বাজার, সাদেক খান কৃষি মার্কেটসহ বিভিন্ন সুপারশপ ও ফার্মেসিতে প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস, সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাগফুর রহমান অভিযান চালান।

অধিদপ্তরের মহাপরিচালক জনাব বাবলু কুমার সাহা বলেন, দেশে পর্যাপ্ত পণ্যের মজুত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। তাই এই সময়ে আতঙ্কিত হবেন না।