নিজস্ব প্রতিবেদকঃ বাজেটে শ্রমিকদের জন্য রেশন, আবাসন, চিকিৎসা, পেনশন নিশ্চিত করতে সুনির্দ্দিষ্ট বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।
বুধবার (১৬ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের বিক্ষোভ সমাবেশে এই দাবি জানানো হয়।
বক্তারা বলেন, ‘৬ কোটি ৮২ লাখ শ্রমজীবী মানুষের সুরক্ষায় কোনো পদক্ষেপের প্রতিফলন না থাকলেও তাদের পকেট থেকে অর্থ হাতিয়ে রাষ্ট্রের পকেট ভরার পরিকল্পনা আছে প্রস্তাবিত বাজেটে। সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেটে শ্রমজীবী মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। করোনা দুর্যোগের মধ্যেও দেশের কৃষি, শিল্প, সেবাখাত, রেমিটেন্সে যে প্রবৃদ্ধি হয়েছে তার প্রধান অবদান দেশের শ্রমজীবী মানুষের।’
তারা বলেন, ‘বাজেটের সবচেয়ে বড় আয় আসবে পরোক্ষ কর থেকে। এই ভ্যাট-ট্যাক্সের একটা বড় অংশ বহন করবে শ্রমজীবী মানুষ। বাজেট প্রণয়নের পূর্বে সমাজের নানাজনের সঙ্গে মতবিনিময় করলেও শ্রমজীবী বিশাল জনগোষ্ঠীকে উপেক্ষা করা হয়েছে। সমাবেশে নেতৃবৃন্দের প্রশ্ন উৎপাদনের কারিগর শ্রমিকদের সুরক্ষায় রাষ্ট্রের কি কোনো ভূমিকা থাকবে না?
নেতৃবৃন্দ আরও বলেন, ‘স্কপের পক্ষ থেকে ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের আঘাত থেকে রক্ষার জন্য শ্রমিক, কর্মচারীসহ নিম্নআয়ের মানুষের জন্য রেশন ব্যবস্থা, বিনামূল্যে চিকিৎসা ও সুলভমূল্যে আবাসন ব্যবস্থা, কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহত হলে চিকিৎসা, ক্ষতিপূরণ ও পুনর্বাসনসহ সামাজিক বেষ্টনীর ব্যবস্থা, বাজেটে পাট-চিনিশিল্প পুনরুদ্ধার ও রক্ষা, শ্রমিকদের স্বাস্থ্য-নিরাপত্তা সামজিক সুরক্ষায় শিল্পঘন এলাকায় শ্রমজীবী হাসপাতাল, শিশুযত্ন কেন্দ্র স্থাপন, শ্রমজীবীদের জন্য সার্বজনীন পেনশন স্কিম চালু করা, করোনায় কর্মহীন ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য বিশেষ সহায়তা, ফিরে আসা প্রবাসী শ্রমিকদের পুনর্বাসনের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ করাসহ ৯ দফা সুনির্দিষ্ট প্রস্তাব জাতীয় সংসদের স্পিকারের কাছে দাখিল করা হয়েছে। বাজেট পাশের পূর্বে স্কপের দাখিলকৃত প্রস্তাবসমূহ বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে।’
স্কপের যুগ্ম সমন্বয়ক সহিদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও আহসান হাবিব বুলবুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন স্কপ নেতা মেজবাহ উদ্দিন অহমেদ, সাইফুজ্জামান বাদশা, রাজেকুজ্জামান রতন, কামরুল আহসান, চৌধুরী আশিকুল আলম, শামীম আরা, আজিজুন নাহার, ফিরোজ হোসাইন ও রফিকুল ইসলাম রফিক।


