বান্দরবানের তুমব্রু সীমান্তে মিয়ানমারের গুলির শব্দ, আতঙ্ক

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তে তুমব্রু এলাকায় মিয়ানমারের ছোড়া মর্টারশেল বিস্ফোরণে এক রোহিঙ্গা নাগরিকের মৃত্যু ও পাঁচজন আহত হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সীমান্ত অঞ্চলে। নিরাপত্তার কারণে গ্রাম ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছে অন্তত ৩৫টি পরিবার।

এদিকে, ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তুমব্রু কোনারপাড়ার এক বাসিন্দা জানান, তার বাড়িতে শুক্রবার রাতে এসে পড়ে একটি মর্টারশেল। কিন্তু সেটি বিস্ফোরিত হয়নি। তবে, তার বাড়ির কিছু দূরে আরও একটি মর্টারশেল পড়ে বিস্ফোরিত হয়। এই আতঙ্কে তার পুরো পরিবার এখন আশ্রয় নিয়েছে তুমব্রু মাঝেরপাড়ায়।

শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি, মর্টারশেল বিস্ফোরণের পর শনিবার সকালেও কয়েকটি গোলার বিকট শব্দ হয়েছে। আর শূন্যরেখায় মর্টারশেলের বিস্ফোরণে আহতরা এখনো উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সীমান্তে গোলাগুলির ঘটনায় চলাচলে বিধিনিষেধ দেয়া হয়েছে। এতে আতঙ্কে সীমান্ত এলাকার বাসিন্দারা।

তুমব্রু সীমান্তে বাংলাদেশের ভেতরে মর্টারশেল এসে পড়ায় কোনারপাড়ার ৩৫টি পরিবার এখন অন্যত্র নিরাপদে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।