বার্সাকে ‘শিরোপা দিয়ে দিন’

খেলা ডেস্কঃ করোনাভাইরাসের কারণে থেমে যাওয়া লিগ মৌসুমগুলো কি বাতিল হয়ে যাবে? না পরে কোনো না কোনো উপায় বের করে ম্যাচগুলো খেলানো হবে? এই প্রশ্ন নিয়েই সরগরম ইউরোপের ফুটবল
নিজেদের সাতাশতম লিগ জয়ের পথে বেশ দৃপ্ত পদেই এগিয়ে যাচ্ছিল বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ সবাই ছিল বার্সার পেছনে। এ অবস্থায় বেরসিকের মতো বাধা দিয়ে বসল করোনাভাইরাস। করোনাভাইরাসের জন্য লিগ এখন স্থগিত। কবে শুরু হবে, নির্দিষ্টভাবে কেউ জানে না।

চলতি মৌসুমের ভবিষ্যতে কী আছে, সেটার জন্য স্বাভাবিকভাবেই জল্পনা-কল্পনা হচ্ছে। কেউ বলছেন অবস্থা একটু স্বাভাবিক হলেই দরকার হলে বন্ধ দরজা ফাঁকা মাঠে একের পর এক ম্যাচ আয়োজন করে শেষ করা হবে লিগের আনুষ্ঠানিকতা। কিন্তু প্রতিনিয়ত করোনাভাইরাসের প্রভাব যেভাবে বাড়ছে, সে পরিকল্পনাটাও যে ঠিক ঠিক বাস্তবায়ন করা যাবে, সেটাও বলা যাচ্ছে না। ফলে মৌসুম এখন যে অবস্থায় আছে, সে অবস্থাতেই শেষ ঘোষণা করে দেওয়া হোক, এমনও একটা প্রস্তাব ভাসছে।

বাকী সব খেলোয়াড় ও কর্মকর্তাদের মতো মৌসুমের পরিসমাপ্তি নিয়ে চিন্তিত বার্সার ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান রাকিতিচও। মৌসুমের এত দূর শেষ হয়ে যাওয়ার পর লিগের শীর্ষে থাকার পরেও লিগ বাতিল হওয়ার আশঙ্কা মাথায় নিয়ে ঘুরতে কার ভালো লাগে? রাকিতিচ তাই প্রস্তাব দিয়েছেন, লিগ শেষ করা না হলে বর্তমান টেবিলের অবস্থান অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হোক। অর্থাৎ, বার্সাকে লিগ শিরোপা দিয়ে দেওয়া হোক!

মুভিস্টার প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে রাকিতিচ বলেছেন, ‘আমরা আবারও মাঠে নামতে চাই। মাঠে খেলেই লিগ জিততে চাই। কিন্তু আমরা এটাও বুঝি, আমরা যদি মাঠে নামতে না পারি, তাহলে কখনও না কখনও এই মৌসুম শেষ করতে হবেই। সে ক্ষেত্রে আমরা যেহেতু টেবিলের শীর্ষে আছি, আমাদেরই চ্যাম্পিয়ন ঘোষণা করা উচিত। আমাদের একটা সুনির্দিষ্ট পরিকল্পনার ওপর ভর করে এই মৌসুমটা শেষ করা উচিত। এবং পরবর্তী মৌসুমের কথা মাথায় রাখা উচিত।’