ক্রীড়া ডেস্ক : সেগুন্ডা ডিভিশন থেকে প্রিমিয়ার ডিভিশনে এসেছে রিয়াল ভালাদোলিদ। নিজেদের প্রথম ম্যাচে জিরোনার সঙ্গে গোলশূন্য ড্র করে দারুণ সূচনা করেছে। শনিবার রাতে প্রথমবারের মতো তারা ঘরের মাঠে খেলে। সেখানে তাদের প্রতিপক্ষ ছিল লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন মেসি-সুয়ারেজদের বার্সেলোনা। এখানেও এক পয়েন্ট ছিনিয়ে নেওয়ার সুযোগ তৈরি করেছিল তারা। ম্যাচের অন্তিম মুহূর্তে (৯০+২) বার্সার জালে তারা বল পাঠিয়েছিল ভালাদোলিদ। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) গোলটি অফসাইডের দোষে দুষ্ট বলে বাতিল করে দেন। তাতে ৫২ মিনিটে করা ওসমানে দেম্বেলের গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। অবশ্য লুইস সুয়ারেজও একবার বল জালে পাঠিয়েছিলেন। সেটাও অফসাইডের কারণে বাতিল হয়। তবে ম্যাচের চেয়ে বেশি আলোচনায় এসেছে নবাগত লা লিগার দল রিয়াল ভালাদোলিদের মাঠ নিয়ে। একটি আদর্শ ফুটবল ম্যাচের জন্য যেমন মাঠ দরকার তার অর্ধেকও ছিল না ভালাদোলিদের মাঠ নুয়েভো জোসে জরিলার। কোথাও ঘাস আছে আবার কোথাও ঘাস নেই। খানিকটা উঁচু-নিচু ও নরম। বার্সার ছন্দহীন পারফরম্যান্সের পেছনে অনুঘটকের ভূমিকা পালন করেছে মাঠটি। এমন মাঠে প্রথমার্ধে জালের নাগাল পায়নি বার্সা। তাতে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা। বিরতির পর ফিরে এসেই গোল পায় কাতালানরা। এ সময় উড়ে আসা বলকে লক্ষ্য করে ডানদিকে গোললাইনের কাছে চলে যান সার্জি রবার্তো। সেখান থেকে ভাসমান বলে হেড দিয়ে বাড়িয়ে দেন পেনাল্টি বক্সের সামনে থাকা ওসমানে দেম্বেলেকে। আনমার্ক দেম্বেলে বল পেয়েই শট নেন। তার নেওয়া নিঁচু শট ডানকোণা দিয়ে জালে আশ্রয় নেয়। আর পূর্ণ তিন পয়েন্ট এনে দেয় আর্নেস্তো ভালভার্দের শিষ্যদের। এই ম্যাচে অবশ্য বলতে গেলে নিষ্প্রভ ছিলেন লিওনেল মেসি। এদিকে অ্যান্তোনিও গ্রিজমানের করা একমাত্র গোলে জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচের ৬৩ মিনিটে গ্রিজমান গোল করেন। তার গোলে ভর করে ১-০ ব্যবধানে রায়ো ভায়োকানোকে হারিয়েছে দিয়েগো সিমিওনির দল।


