নিউজ ডেস্ক : ১ অক্টোবর রোববার স্পেনের স্বায়ত্তশাসিত অঙ্গরাজ্য কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে অনুষ্ঠিত হয় গণভোট। যেখানে স্পেন সরকারের তৈরি করা নানা প্রতিবন্ধকতার মধ্যেও কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে ৯০ শতাংশ ভোট পড়েছে।
যদিও স্পেন সরকার এখনো কাতালোনিয়ার স্বাধীনতার প্রশ্নে কঠোর অবস্থানে রয়েছে। তারা এই গণভোট মানতে রাজি নয়। বিষয়টিকে সংবিধান পরিপন্থী বলেও উল্লেখ করছে সরকার। তাই অতিরিক্ত পুলিশ ও অন্যান্য বাহিনী মোতায়েন করে আন্দোলনকারীদের প্রতিহত করার চেষ্টা করছে।
তারপরও স্বাধীনতাকামী কাতালোনিয়ার জনগণ বসে নেই। তারা আন্দোলন, সংগ্রাম করছে। শেষ পর্যন্ত কাতালান যদি স্বাধীন হয়ে যায় তাহলে বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল ক্লাব বার্সেলোনার ভবিষ্যত কী হবে? কী হবে বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির ভবিষ্যত?
নিয়ম অনুযায়ী কাতালোনিয়া যদি স্বাধীন হয়ে যায় তাহলে বার্সেলোনা চাইলে স্প্যানিশ লা লিগায় খেলতে পারবে। চাইলে তারা স্পেনের বাইরের কোনো লিগেও খেলতে পারবে। আর কাতালোনিয়ায় যদি নিজস্ব লিগ চালু হয় তাহলে চাইলে তারা সেখানেও খেলতে পারে।
কিন্তু বার্সেলোনার সভাপতি মারিও বার্তেমেউ আগেই জানিয়ে রেখেছেন কাতালোনিয়া যদি স্বাধীন হয় তাহলে বার্সেলোনা লা লিগায় আর খেলবে না। তারা তাদের ভবিষ্যত নিয়ে চিন্তা করে দেখবে। সেক্ষেত্রে তারা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার কথা ভাবছে। এদিকে কাতালোনিয়ার ক্রীড়ামন্ত্রী জেরার্ড ফিগুইরাস জানিয়েছেন কাতালোনিয়া স্বাধীন হলে বার্সেলোনা স্পেনের বাইরের কোনো লিগে খেলবে। সেটা হতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগ, ফ্রেঞ্চ লিগ ওয়ান অথবা ইতালিয়ান সিরি’আ লিগ।
এদিকে লা লিগার সভাপতি জাভিয়ের তেবাস কাতালোনিয়ার তিন ক্লাব বার্সেলোনা, এস্পানিওল ও জিরোনাকে এমন উত্তাল সময়ে ঘরের মাঠে খেলা না আয়োজন করতে ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছেন। তারপরও গেল রোববার ঘরের মাঠে ফাঁকা গ্যালারিতে লাস পালমাসের বিপক্ষে খেলে বার্সা। লিওনেল মেসির জোড়া গোলে ৩-০ ব্যবধানে জয় পায়।
স্প্যানিশ সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী চলতি লিগের শেষ নাগাদ যদি কাতালোনিয়া স্বাধীনতা পেয়ে যায় তাহলে লিওনেল মেসি বার্সেলোনা ছাড়তে পারেন। তাছাড়া স্পেন সরকার ও কাতালোনিয়ার মধ্যে বর্তমানে যে রাজনৈতিক দ্বন্দ্ব ও আন্দোলন সংগ্রাম চলছে তাতে বিরক্ত হয়ে মৌসুম শেষে বার্সা ছাড়তে পারেন মেসি।

অবশ্য স্বাধীন হয়ে গেলে বার্সেলোনা ছাড়ার প্রয়োজন হবে না আর্জেন্টাইন তারকার। কারণ, কাতালোনিয়া স্বাধীন হলে তারা যদি নিজস্ব লিগ চালু করে তাহলে সেখানে খেলতে পারবে। তাছাড়া বার্সেলোনা চাইলে ইংলিশ প্রিমিয়ার লিগ, ফ্রেঞ্চ লিগ ওয়ান কিংবা ইতালিয়ান সিরি’আ লিগে খেলবে। তখন মেসির হয়তো সমস্যা হবে না।
বার্সেলোনা যদি ইংলিশ প্রিমিয়ার লিগে যোগ দেয় তাহলে লিগটির গ্রহণযোগ্যতা ও সম্প্রচার স্বত্ব কয়েকগুণ বেড়ে যাবে। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগ ৪.৬ বিলিয়ন ডলার সম্প্রচার স্বত্ব পায়। বার্সেলোনার মতো একটি দল সেখানে যোগ দিলে সেটা নিঃসন্দেহে আরো বেড়ে যাবে। এক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মান বুন্দেসলিগা। তারা বছরে সম্প্রচার স্বত্ব পায় ১.৬ বিলিয়ন ডলারের। ১.৩ বিলিয়ন ডলার সম্প্রচার স্বত্ব নিয়ে তৃতীয় স্থানে রয়েছে স্প্যানিশ লা লিগা। এই সম্প্রচার স্বত্ব বাড়ানোর জন্য ইউরোপের যেকোনো লিগই বার্সেলোনার মতো দলকে নিতে উঠেপড়ে লাগবে।
অবশ্য ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমানেও বাইরের দল খেলছে। ওয়েলসের ক্লাব কার্ডিফ সিটি ও সোয়ানসি সিটি ইংলিশ প্রিমিয়ার লিগে রয়েছে অনেকদিন ধরে। সেক্ষেত্রে বার্সেলোনা যদি যোগ দেয় তাহলে সেটা হবে যুক্তরাজ্যের বাইরের প্রথম কোনো দল। তখন ইংলিশ প্রিমিয়ার লিগ ২২ কিংবা ২৪ দলের হতে পারে। আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার ইতিমধ্যে জানিয়েছেন যে বার্সেলোনা প্রিমিয়ার লিগে যোগ দিতে পারে। সেক্ষেত্রে সব দলের জন্যই লিগটি আরো কঠিন হয়ে যাবে।
এ ছাড়া ফ্রেঞ্চ লিগ ওয়ানে খেলছে এএস মোনাকো। যারা স্বাধীন নগর রাষ্ট্র মোনাকোর দল। কাতালোনিয়া থেকে বার্সেলোনা চাইলে সেখানে যোগ দিতে পারে। যেখানে প্যারিস সেইন্ট জার্মেইর হয়ে খেলছেন বার্সেলোনা ছেড়ে যাওয়া নেইমার দ্য সিলভা। বার্সা চাইলে যোগ দিতে পারে জৌলুস হারিয়ে যেতে বসা ইতালিয়ান সিরি’আ লিগেও। সেক্ষেত্রে ইতালির এই লিগটি আকর্ষণ তৈরি করতে পারে ফুটবল বিশ্বে।
তবে উপরের কোন পথই কাতালোনিয়া কিংবা বার্সেলোনার জন্য সহজ হবে না। এখনো অনেক সংগ্রাম ও কঠিন পথ অপেক্ষা করছে কাতালোনিয়ার জন্য।


