বালিয়াডাঙ্গীতে গৃহবধূকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখার অভিযোগ

মোঃ আবু সুফিয়ান বালিয়াডাঙ্গী থানা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে চিলি বণিক (৪৩) নামে এক গৃহবধূকে হত্যার পর গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (১ মার্চ) সকালে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের ভান্ডারদহ গ্রামে। দুপুরের দিকে বালিয়াডাঙ্গী থানা পুলিশ তার শয়ন ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।
গৃহবধূ চিলি বণিক ভান্ডারদহ গ্রামের কামিনী বণিকের স্ত্রী ও রাণীশংকৈল উপজেলার ২নং নেকমরদ ইউনিয়নের মাস্টার পাড়া গ্রামের মৃত কুলিন চন্দ্র বণিক এর মেয়ে। এ ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী কামিনী বণিক ও তার ভাইয়েরা পলাতক রয়েছে।
গৃহবধূ চিলি বণিকের ভাই বিশ্ব বণিক ও সুজন বণিকের দাবি, গৃহবধূর স্বামী কামিনী বণিক ও তার ভাইয়েরা মিলে নির্যাতনের পর আমার বোনকে হত্যা করেছে। এই হত্যাকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার জন্য গলায় ফাঁস লাগিয়ে দিয়ে ঝুলিয়ে রেখেছে। এত বড় ঘটনার পরেও আমাদেরকে কোন খবর না দিয়েই পুলিশে খবর দেওয়া হয়েছে। এবং মরদেহ থানায় নিয়ে এসেছে।এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা হত্যাকাণ্ডের বিচার চেয়ে আইনের আশ্রয় নিবো।
তবে নিহত চিলি বণিকের ছেলে, হেমন্ত বণিক জানান, গতকাল সোমবার সকালে মা ও বাবার মধ্যে ঝগড়া হয়েছিল। ঝগড়ার একপর্যায়ে ধাক্কাধাক্কির সময় আমার মায়ের মাথায় ও চোখে আঘাত লাগে। রাতে আমি মাকে ওষুধ কিনে দিয়েছিলাম। কিন্তু তার মা অভিমান করে গলায় ফাঁস দিয়েছে বলে জানায় সে।
 এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক খাদেমুল করিম জানান,মরদেহ উদ্ধারের সময় গৃহবধূর মাথা আঘাতের ফোলা চিহ্ন রয়েছে ও চোখের ভ্রুতে আংশিক জখম ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং থানায় একটি ইউডি মামলা হয়েছে। স্বজনদের অভিযোগ ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।