মোঃ জয়নাল আবেদীন রুহিয়া থানা ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শ্মশান ঘাটে মরদেহ সৎকার করতে গিয়ে শ্মশান ঘাটে মৌমাছির কামড়ে অর্ধশত ব্যক্তি আহত হয়েছে। এর মধ্যে ১৫ জন আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি আহতরা স্থানীয় চিকিৎসকের চিকিৎসায় সুস্থ হয়ে নিজ নিজ বাড়ি ফিরেছে।
জানা গেছে, আজ মঙ্গলবার সকালে বালিয়াডাঙ্গী উপজেলার ৫ দুওসুও ইউনিয়নের নাপিত পাড়া গ্রামের স্থানীয় শ্মশান ঘাটে মরদেহের সৎকার করার সময় এ ঘটনাটি ঘটে।
সৎকারে অংশ নেওয়া নাপিত পাড়া গ্রামের দিগেন শর্মা বলেন,আজ মঙ্গলবার ভোররাতে প্রতিবেশী ভবেশ রায় (৬২) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তার মরদেহের সৎকারের জন্য মরদেহ শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয়।
মরদেহের সৎকারের কাজে প্রায় ৩ শতাধিক মানুষ অংশ নেন। শ্মশান ঘাটে পৌঁছালে হঠাৎ একদল মৌমাছি সকলের উপর আক্রমণ করে। মৌমাছির কামড়ে সুরেশচন্দ্র, নির্মল শর্মা, ফাগুন শর্মা, বাবুল শর্মা, মহেশ শর্মা সহ, প্রায় অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়।
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক(আর এমও) ডাক্তার মিঠুন দেবনাথ বলেন, মৌমাছির কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে আশা করছি দ্রুত সুস্থ হয়ে যাবে।


