নরসিংদী : নরসিংদীর মাধবদী উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কান্দাইল বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াস জানান, কান্দাইল বাসস্ট্যান্ডের কাছে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে।


