বাড়িতে ঢুকে গৃহবধূকে পিটিয়ে আহত, গ্রামপুলিশ নুর হোসেন আটক

নোয়াখালী সদর উপজেলায় বাড়িতে ঢুকে গৃহবধূকে পিটিয়ে আহত করা সেই গ্রামপুলিশ নুর হোসেনকে (৩০) আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে কালাদরাপ ইউপির ১নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। এর আগে বুধবার রাতে ৫৫ সেকেন্ডের মারধরের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, গ্রামপুলিশ নুর হোসেন ভুক্তভোগী ওই গৃহবধূকে একটি লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটাতে থাকে। এ সময় পাশে গৃহবধূর শিশু ছেলে কান্না করছিল। এ সময় নির্যাতিত ওই নারীকে উদ্ধার করতে এগিয়ে আসে বাড়ির কয়েকজন নারী।

পরে এ ঘটনায় নির্যাতিতা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দিলে গতকাল বুধবার বিকেলে তাকে শোকজ করা হয়। বৃহস্পতিবার সকালে সুধারাম মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নূর হোসেনকে আটক করে।

জানা গেছে, কালাদরাপ ১নং ওয়ার্ডের ইউনুছের বাড়ির সীমানা নিয়ে পার্শ্ববর্তী সাহাব উদ্দিনের বিরোধ চলছিল। গত ১৯ জুলাই সকালে গ্রামপুলিশ নুর হোসেন ওই বাড়িতে গিয়ে টিনের সীমানাটি ৪ হাত উত্তরে সরিয়ে ফেলতে চাইলে তাতে বাধা দেন ভুক্তভোগী নারী। এ সময় নূর হোসেন তাকে প্রথমে অকথ্য ভাষায় গালমন্দ ও পরে এলোপাতাড়ি মারধর করে। পরে অসুস্থ অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে ২০ থেকে ২৪ জুলাই পর্যন্ত চিকিৎসা নেন তিনি। বুধবার ওই নির্যাতনের ভিডিওটি ভাইরাল হলে সচেতন মহল ও প্রশাসনের নজরে আসে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে গৃহবধূ নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর ভিডিওতে অভিযুক্ত গ্রাম পুলিশ নূর হোসেনকে তার বাড়ি থেকে আটক করা হয়েছে।

পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।