স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, অতীতে বিএনপি সরকারের সময় বাংলাদেশ টানা পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। সঠিক নেতৃত্বের অভাবে বিএনপি সরকারের সময় দেশে লুটপাট হয়েছিল।
তিনি বলেন, কিছুদিন পর মেট্রোরেল হয়ে যাচ্ছে। দেশের মানুষ এখন আর না খেয়ে থাকে না। খাদ্যে বর্তমানে স্বয়ংসম্পূর্ণ দেশ। মাথাপিছু আয় এখন দুই হাজার ডলারের উপরে। মানুষের গড় আয়ু ৭৩ বছর হয়েছে। করোনা মহামারিতে দেশকে সঠিকভাবে নেতৃত্ব দিয়ে যেভাবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি করেছেন তাতে কেবল দেশের মানুষের কাছেই নয়, গোটা বিশ্বই এখন বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশংসা করছেন। কাজেই দেশের সরকারি কর্মকর্তাদেরও জাতির পিতার কন্যার নেতৃত্ব গুণাবলি অর্জন করতে সচেষ্ট হতে হবে। তাহলে, দেশই সবার আগে লাভবান হবে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য শিক্ষা বিভাগ কর্তৃক আয়োজিত ‘জাতীয় শুদ্ধাচার পুরস্কার-২০২০’ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
উল্লেখ্য, স্বাস্থ্যখাতে অবদানের জন্য স্বাস্থ্য শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. শাহ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর মো. আব্দুর বারি শুদ্ধাচার পুরস্কার পান ও সার্টিফিকেট গ্রহণ করেন।


