বিদায় বললেন মাসচেরানো

ক্রীড়া ডেস্ক : রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি আর্জেন্টিনা। ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে বিদায় নিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। হারের পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন আর্জেন্টিনার মিডফিল্ডার হাভিয়ের মাসচেরানো। ম্যাচ শেষে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পথে গণমাধ্যমে নিজের অবসরের ঘোষণা দেন ৩৪ বছর বয়সি অভিজ্ঞ এ মিডফিল্ডার।

অবসরের ঘোষণা দিয়ে মাসচেরানো বলেন,‘এখন বিদায় বলার সেরা সময় এবং নতুনদের স্বাগত জানানোর উপযুক্ত সময়। আশা করছি তরুণ ছেলেরা দলের হয়ে ভবিষ্যতে ভালো কিছু অর্জন করবে। এখন থেকে আমি জাতীয় দলের একজন ভক্ত হিসেবে পরিচিত থাকব।’

মাসচেরানো আর্জেন্টিনার হয়ে চারটি বিশ্বকাপ খেলেছেন। ২০০৩ সালে জাতীয় দলে তার অভিষেক। আলবিসেলেস্তেদের হয়ে রেকর্ড ১৪৭ ম্যাচও খেলেছেন তিনি। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে ৩৩৪ ম্যাচ খেলেছেন। গত মৌসুমে বার্সেলোনা ছাড়েন তিনি। চায়নার ক্লাব হাবেই চায়না ফরচুনে যোগ দিচ্ছেন এ আর্জেন্টাইন।

বৈশ্বিক কোনো শিরোপা না জিতেই বিদায় নিলেন মাসচেরানো। চারটি বিশ্বকাপ খেললেও বড় কোনো সাফল্য নেই তার। তবে দলকে তিনটি টুর্নামেন্টের ফাইনালে উঠাতে বরাবরই অবদান রেখেছেন তিনি। ২০১৪ বিশ্বকাপে মাসচেরানো দলকে ফাইনালে তুলেছিলেন। এরপর ২০১৫ এবং ২০১৬ কোপা আমেরিকার ফাইনালে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু ভাগ্যদেবীর নির্মম পরিহাসে কোনো টুর্নামেন্টেই শিরোপা জিততে পারেননি মাসচেরানো। এবারের বিদায়টাও সুখকর হলো না তার।