আইপিএলের মাঝপথেই বিপাকে পড়েছে রাজস্থান রয়্যালস। মাঠ এবং মাঠের বাইরের সময়টা ভালো যাচ্ছে না তাদের। ইনজুরি আর বায়োবাবলের একঘেয়েমি কাটাতে চার বিদেশি ক্রিকেটার ভারত ছাড়ায় অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে খেলোয়াড় ধার করার প্রস্তাব দিয়েছে দলটি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এখন পর্যন্ত মাত্র দুটি জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। তার ওপর বিদেশি ক্রিকেটারদের নিয়ে বড় সমস্যার মুখে পড়েছে। তাই উপায় না পেয়ে অন্য দলের কাছে ক্রিকেটার ধার চাইছে ২০০৮ সালের আইপিএল চ্যাম্পিয়ন রাজস্থান।
এরইমধ্যে হাতের আঙুল ভেঙে বাড়ি ফিরে গিয়েছেন দলটির অন্যতম ভরসা ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস। চোটের কারণে দলে নেই জোফরা আর্চারও। এ ছাড়া বাড়ি ফিরে গেছেন লিয়াম লিভিংস্টন এবং অ্যান্ড্রু টাই।
চার বিদেশি চলে যাওয়ায় দলটিতে আছে মাত্র চারজন বিদেশি। একাদশে অন্তত চারজন খেলানোর নিয়ম রয়েছে। তবে এই চারজনের কোনো এক বিদেশি চোটে বা ইনজুরিতে আক্রান্ত হলে সমস্যায় পড়বে রাজস্থান। তাই অন্য ফ্র্যাঞ্চাইজির কাছে ক্রিকেটার ধার চাইছে দলটি।
নিয়ম অনুযায়ী আইপিএলের ট্রান্সফার উইন্ডো শুরু হয়েছে। ২০তম ম্যাচের পর শুরু হয়ে এই লোন উইন্ডো খোলা থাকবে ৫৬তম ম্যাচ পর্যন্ত। তাই চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে বিদেশি খেলোয়াড় ধার চেয়েছে রাজস্থান। তবে দলের হয়ে একাধিক ম্যাচ খেলেননি যেসব ক্রিকেটার তারাই শুধু এই নিয়মে বিবেচিত হবেন।


