বাজার তদারকির অংশ হিসেবে বিভিন্ন অপরাধে ৭৯ প্রতিষ্ঠানকে চার লাখ ২৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (০১ মার্চ) সংস্থাঠি থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগরের মতিঝিল পীরজঙ্গী মাজারের সামনের বাজার, শাহআলী মার্কেট, শাহ আলী মুক্তিযোদ্ধা মার্কেটসহ দেশব্যাপী মোট ৩৫টি বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পরিচালিত তদারকি কার্যক্রমের মাধ্যমে ভোক্তা-স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ৭৭ প্রতিষ্ঠানকে চার লাখ ২২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অন্যদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং দুজন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে এক হাজার ২৫০ টাকা দেওয়া হয়।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (ক্যাব) সংশ্লিষ্ট শিল্প বণিক সমিতির প্রতিনিধিরা অধিদপ্তর পরিচালিত এসব বাজার অভিযানে সহযোগিতা করেন।
প্রসঙ্গত, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ভোক্তা-অধিকার সংরক্ষণ নিশ্চিতকরণসহ স্থিতিশীল বাজার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।


