বিমানবন্দর বিআরটি ভেঙ্গে চীনা নাগরিকসহ চারজন আহত

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর বিমানবন্দর এলাকায় বাস র‌্যাপিড ট্রানজিট প্রকল্পের (বিআরটি) গার্ডার ভেঙে চীনা নাগরিকসহ কমপক্ষে চারজন আহত হয়েছেন। রোববার (১৪ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল সাড়ে দশটার দিকে আমরা খবর পেয়েছি গার্ডার ভেঙে চারজন আহত হয়েছেন। বর্তমানে তাদের কী অবস্থা তা বিস্তারিত বলতে পারছি না।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, আহতদের মধ্যে দুই জন চীনা নাগরিক, বাকিরা বাংলাদেশি। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টা ২০ মিনিটের দিকে হঠাৎ করে গার্ডার ভেঙে ওপরে থাকা বেশ কয়েকজন শ্রমিক নিচে পড়ে যান। এতে অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। তাদের পুলিশের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখানে কর্মরত লোকজনের কোনো ধরনের নিরাপত্তা উপকরণ ছিল না। আহত হওয়ার পর হাসপাতালে পাঠানোর জন্য গাড়ি ছিল না, রাস্তার দুইপাশে যানজট হওয়ায় তাদের হাসপাতালে নিতে দেরি হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত থাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মো. শফিকুল ইসলাম বলেন, আমরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। বিমানবন্দরের সড়কের মধ্য দিয়ে বাস র‌্যাপিড ট্রানজিট প্রজেক্টের কাজ চলছিল। এখানে প্রজেক্টের স্প্যান বসানোর সময় লাঞ্চিং গার্ডার একপাশে কাত হয়ে পড়ে যায়। এতে আঘাত পেয়ে চারজন গুরুতর আহত হন। এদের মধ্যে দুইজন চাইনিজ ও দুইজন বাংলাদেশি।

তিনি বলেন, আহতদের মধ্যে তিনজনকে এভারকেয়ার হাসপাতাল এবং একজনকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এএইচএমএস আক্তার  বলেন, গার্ডার ভেঙে পড়ার ঘটনাটি আমাদের প্রকল্প এলাকায় ঘটেনি। এটি বিআরটি প্রকল্প এলাকায় ঘটেছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি।

তবে বিআরটি প্রকল্পের এএসএম ইলিয়াস শাহ নামে এক পরিচালক বলেন, গার্ডার ভেঙে পড়ার বিষয়টি আমি জানি না।