বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: চলছে নতুন পেঁয়াজের মৌসুম। জমি থেকে উঠতে শুরু করেছে পাতা পেঁয়াজ। পেঁয়াজের দাম হাতের নাগালের বাইরে চলে যাওয়ায় গ্রাম-গঞ্জের নি¤œ আয়ের খেঁটে খাওয়া মানুষেরা এখন পেঁয়াজ কেনা প্রায় ছেড়েই দিয়েছেন। এদিকে পেঁয়াজের দাম না কমায় গৃহিনীদের রান্না হচ্ছে এখন পাতা পেঁয়াজে। পেঁয়াজের স্বাদ যেন পাতায়। আর চাহিদা বেশি হওয়ায় এক সময়ের ফেলে দেওয়া এসব পেঁয়াজ পাতা বিক্রি হচ্ছে চড়া মূল্যে।
প্রতি কেজি পাতা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা দরে। এদিকে বাজার ঘুরে দেখা গেছে, পেঁয়াজের দাম আগের মতই। অনেক দোকানে পুরাতন দেশী পেঁয়াজ নেই বললেই চলে। আর পাতা থেকে কেঁটে নেওয়া নতুন কচি পেঁয়াজেরও দাম চড়া। বিক্রি হচ্ছে ১২০-১৪০ টাকা কেজি দরে। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকা কেজি। পেঁয়াজের মূল্য বৃদ্ধির সুযোগে তাই কদর বেড়েছে পাতা পেঁয়াজের। এক কেজি পেঁয়াজের দামে পাওয়া যাচ্ছে ৩ কেজি পাতা পেঁয়াজ।
বিরামপুর পৌর এলাকার মামুদপুর গ্রামের আব্দুল মজিদ জানান, তিনি এক বিঘা জমিতে পাতী পেঁয়াজ চাষ করে এবার ৫ লক্ষ টাকার পাতা পেঁয়াজ বিক্রি করেছেন। পাতা পেঁয়াজের এমন চাহিদা দেখে প্রায় সব কৃষকের মাঝেই এখন পেঁয়াজ চাষে আগ্রহ বাড়ছে।


