বিরোধী দল শান্তিপূর্ণভাবে সমাবেশ করলে আইনশৃঙ্খলা বাহিনী সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কিন্তু আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
শনিবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর সচিবালয়ে জননিরাপত্তা বিভাগ আয়োজিত মিনি ম্যারাথন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনীতে বক্তব্য দেন মন্ত্রী।
তিনি বলেন, বিএনপি নেতাদের উসকানিমূলক বক্তব্যের কারণে প্রতিপক্ষ বিক্ষোভ, প্রতিরোধ করছে। বিভাগীয় সমাবেশের জন্য রাতেই কেন সমাবেশস্থলে অবস্থান করা হচ্ছে, এ নিয়ে প্রশ্ন রয়েছে। শান্তিপূর্ণভাবে সমাবেশ করলে আইনশৃঙ্খলা বাহিনী সহায়তা করবে।
মন্ত্রী বলেন, বিএনপি নেতাকর্মীদেরকে ঘোষণা দিয়ে বলে দেয়া হয়েছিল, তারা যেন লাঠিসোঁটা নিয়ে সমাবেশে আসে। এটা কীসের ইঙ্গিত, আমরা সেটা জানতাম না, জানিও না। আমরা লক্ষ্য করেছি, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় পেছনে লাঠি এবং সামনে লাঠির ওপরে তাদের দলীয় পতাকা উড়িয়ে তারা এসেছে। এগুলো কী মিন করে, আপনারা নিজেরাও বুঝেন। আমরা তাদেরকে বলি, আপনারা নির্বিঘ্নে আপনাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করুন, সেখানে আমাদের কিছু ভাবার নেই; কিন্তু লাঠিসোঁটা ক্যারি করা আইনগতভাবে সিদ্ধ নয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আপনারা যেটা বলছেন, জায়গায় জায়গায় তাদের ওপর (হামলা) করা হচ্ছে। আমি সবাইকে বলব, তাদের ভাষা, তাদের বাক্য এবং তাদের সবকিছু যেন পরিমিতভাবে ব্যবহার করেন। কারও ওপরে এমন কিছু যাতে না বলেন, যাতে করে তারাও বিক্ষোভ প্রকাশ করে কিংবা প্রতিরোধ তৈরি করে। যত ঘটনাগুলি ঘটেছে আমাদের দু’দলের মধ্যে, এমন ধরনের স্লোগান কিংবা বাকবিতণ্ডা হয়েছে, সেজন্যই এ ঘটনাগুলি ঘটছে আমরা যতটুকু শুনেছি।
তিনি আরও বলেন, সুশৃঙ্খল অবস্থায় যার যার কর্মকাণ্ড করবে এটাই আশা রাখি। আইন শৃঙ্খলা তাদের মেনে চলতে হবে। তারা যদি রাস্তা অবরোধ করেন কিংবা ভাঙচুর করেন, জনজীবনে দুঃসহ অবস্থা তৈরি করেন তাহলে আমাদের করার কিছু আছে? আইনশৃঙ্খলা বাহিনী তাদের পাশেই থাকবে, তারা যাতে কোন ভাঙচুর অথবা কোন বিশৃঙ্খলায় লিপ্ত না হয় তার জন্য তারা খেয়াল রাখবেন।


