বিশাল রানের লক্ষ্য ডেলপোর্টের

ক্রীড়া প্রতিবেদক: কিছুদিন আগেই ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টের কোয়ার্টার ফাইনালে ৫৯ বলে ১০৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ক্যামেরন ডেলপোর্ট। দক্ষিণ আফ্রিকার এ ক্রিকেটার বিস্ফোরক ইনিংস খেলে পরিচিতি পেয়েছেন।

টি-টোয়েন্টি ক্রিকেটে তার কদর বেশ আকাশচুম্বি। পিএসএলে লাহোর কালান্দার্স, বিগ ব্যাশে সিডনি থান্ডার্সের হয়ে খেলেছেন ২৮ বছর বয়সি এ ক্রিকেটার। তাকে এবারের বিপিএলের জন্য উড়িয়ে নিয়ে এসেছে ঢাকা ডায়নামাইটস।

প্রথম ম্যাচে সিলেটের বিপক্ষে ২০ করে দলের পুঁজি বাড়িয়েছিলেন। আজ খুলনার বিপক্ষে দেখালেন ব্যাটিং ঝলক। মাত্র ৩১ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৬৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন ডেলপোর্ট। দারুণ ব্যাটিংয়ে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন প্রোটিয়া ব্যাটসম্যান।

ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে ডেলপোর্ট বলেন,‘আমি উপমহাদেশে অতীতেও আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছি। এজন্য জানি কিভাবে উইকেট ব্যবহার করে। বলগুলো টাইমিং করার চেষ্টা করেছি এবং বাজেবলগুলোকে শাসন করেছি। শরীরের জোর দিয়ে খেলার চেষ্টা করিনি। এখানে বাউন্ডারি ততটা বড় না, বিশেষ করে লং অন-লং অফে।’

তবে হাফ-সেঞ্চুরি পাওয়ায় খুশি নন ডেলপোর্ট। বলেছেন,‘আমি প্রতিটি লিগে ভালো করতে চাই। প্রতিটি লিগে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। উপমহাদেশের বিবেচনায় আজকের ইনিংসটি ভালো ইনিংস ছিল এবং আমি এটা উপভোগ করেছি। তবে যদি একটা বড় একটি সেঞ্চুরি করতে পারি তাহলে আরও ভালো লাগবে।’

তিনে নেমে এভিন লুইসকে সঙ্গে নিয়ে মাত্র ৯ ওভারে ১১৬ রান করেন ডেলপোর্ট। তাদের দুজনের ব্যাটে ঢাকা এবারের আসরে প্রথমবারের মতো দুইশত রান অতিক্রম করে। খুলনা সেই রানের চাপে পিষ্ট! ম্যাচ হারে ৬৫ রানের বড় ব্যবধানে। লুইসের সঙ্গে ব্যাটিং পরিকল্পনা জানাতে গিয়ে ডেলপোর্ট বলেন,‘আমরা আমাদের নিজেদের মতো করে খেলেছি এবং স্ট্রাইক রোটেট করার চেষ্টা করেছি। আমরা বড় শট খেলতে পারদর্শী। আমরা সেটা করেছি এবং এর ফলও পেয়েছি।’

ঢাকা ডায়নামাইটসের ব্যাটিং আক্রমণ নিয়ে ডেলপোর্ট বেশ আত্মবিশ্বাসী। যেকোনো বোলিং আক্রমণ ধসিয়ে দিতেও প্রত্যয়ী এ ক্রিকেটার,‘আমাদের টপ পাঁচ ব্যাটসম্যান বিস্ফোরক ব্যাটিংয়ে পারদর্শী। আজ আমি তিনে ব্যাটিং করেছি। আমি যেকোনো পজিশনে ব্যাটিং করতে পারি। আমাদের অনেক অপশনও রয়েছে। তারা প্রত্যেকেই বিশ্বমানের।’

‘আমরা বর্তমান চ্যাম্পিয়ন। প্রথম ম্যাচে বাজে দিন গিয়েছিল। তবে আমরা সেই দিনটি শুরুতেই কাটিয়ে দিয়েছি। আমরা যেটা প্রথম ম্যাচে করতে পারিনি সেটা আজ করতে পেরেছি।’-বলেছেন ডেলপোর্ট।