বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মেধা-মনন বিকাশে সমন্বিত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৩ জুলাই) গণভবনে দেশের অটিজম ও এনডিডি (নিউরো ডেভেলপমেন্ট ডিজঅ্যাবেলিটিজ) শিশুদের শিক্ষার ন্যায্য ও সম-অধিকার নিশ্চিতকল্পে নির্মিতব্য আন্তর্জাতিক মানের একটি ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্ট ডিজঅ্যাবেলিটিজের (এনএএএনডি) স্থাপত্য নকশার উপস্থাপনা অবলোকনকালে তিনি এ কথা বলেন।
সরকারপ্রধান বলেন, যেকোনো স্বাভাবিক শিশুর তুলনায় এ ধরনের শিশুর শারীরিক ও মানসিক বিকাশে খোলামেলা ও প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
এ সময় প্রধানমন্ত্রী শহর এলাকায় যেকোনো আবাসিক ভবন নির্মাণের ক্ষেত্রে ‘ক্রস ভেন্টিলেশন’ ব্যবস্থা নিশ্চিতেও তার আহ্বান পুনর্ব্যক্ত করেন।
অটিজম ও এনডিডি শিশুদের জন্য বিদ্যমান শিক্ষকদের প্রশিক্ষণ এবং নতুন নতুন শিক্ষক ও প্রশিক্ষক সৃষ্টির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন শেখ হাসিনা।
‘ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্ট জিজঅ্যারবলিটিজ কমপ্লেক্স’ ভবনের নকশা প্রণয়নের ক্ষেত্রে দিনের আলোর সর্বোত্তম ব্যবহার, মুক্ত বায়ু বা অক্সিজেন চলাচল, প্রয়োজনীয় জলাধার সংরক্ষণ, যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ পর্যাপ্ত উন্মুক্ত স্থান রাখার ওপর জোর দেন বঙ্গবন্ধুকন্যা।
এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিনিয়র সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।


