ক্রীড়া ডেস্ক : রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে ৩৮ মিলিয়ন ডলার পুরস্কার। যারা রানার্সআপ হবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে ২৮ মিলিয়ন ডলার। সব মিলিয়ে এবারের বিশ্বকাপে মোট ৪০০ মিলিয়ন ডলার পুরস্কার পাবে দলগুলো।
গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র ১৫ দিন বাকি। বিশ্বের সবচেয়ে বড় স্পোর্টিং ইভেন্ট, ফুটবল বিশ্বকাপ। তাইতো বিশ্বকাপের পুরস্কার হওয়া চাই চোখ ধাঁধানো, বিস্ময়কর। গত কয়েক আসরের মতো এবারও বিশ্বকাপে অংশ নিচ্ছে ৩২টি দল। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এক বিন্দু পরিমাণ ছাড় দেবে না দলগুলো। বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে অংশ নিতে ৩২টি দলকেও কাঠ-খড় পোড়াতে হয়েছে।
তাইতো বিশ্বকাপে অংশ নিলেই ৮ মিলিয়ন ডলার পুরস্কার পাবে দলগুলো। এটা আসলে ৯.৫ মিলিয়ন বলাই ভালো। কারণ ৮ মিলিয়ন ডলার হচ্ছে ‘পার্টিসিপেশন মানি’ আর বাকি ১.৫ মিলিয়ন ডলার হচ্ছে টুর্নামেন্ট খরচ। সেই হিসাবে বিশ্বকাপে অংশ নিলেই দলগুলোকের পকেটে ঢুকছে ৯.৫ মিলিয়ন ডলার।
এরপর ধাপে ধাপে যত ওপরে উঠবে, ততই বাড়বে পুরস্কার। ৩২ দল থেকে সেরা ১৬ দল খেলবে রাউন্ড অব সিক্সটিন বা প্রি-কোয়ার্টার ফাইনাল। শেষ ১৬ দল আয়োজকদের থেকে গুনে নেবে ১২ মিলিয়ন ডলার। অর্থাৎ আগের ৮ মিলিয়ন ডলারের সঙ্গে আরো ৪ মিলিয়ন ডলার যুক্ত হবে।
এরপর কোয়ার্টার ফাইনালে আরো বেশি অর্থ। যারা কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেবে তাদের জন্য থাকছে ১৬ মিলিয়ন ডলার। বাড়ল আরো ৪ মিলিয়ন ডলার। যারা শেষ চারে যাবে তাদের জন্য অবশ্য একটু বাড়তি পুরস্কার রয়েছে। যারা চতুর্থ হবে তাদের জন্য ২২ মিলিয়ন, যারা তৃতীয় হবে তাদের জন্য ২৪ মিলিয়ন ডলার পুরস্কার বরাদ্দ রেখেছে ফিফা।
বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ৬৬ মিলিয়ন ডলার পুরস্কারের! শেষ দুই দল পাবে সবচেয়ে বেশি অর্থ। শিরোপার কাছাকাছি গিয়েও যারা শিরোপার স্বাদ পাবে না, তাদের জন্য রয়েছে ২৮ মিলিয়ন ডলার। আর যারা চ্যাম্পিয়ন হবে তারা পাবে আরো ১০ মিলিয়ন ডলার বেশি, অর্থাৎ ৩৮ মিলিয়ন ডলার পাবে বিশ্বচ্যাম্পিয়ন দল।
ব্রাজিল বিশ্বকাপ থেকে রাশিয়া বিশ্বকাপে অর্থের পরিমাণ বেড়েছে মোট ৪২ মিলিয়ন ডলার। গতবার বিশ্বকাপে পুরস্কার ছিল ৩৫৮ মিলিয়ন ডলার, এবার সেটা দাঁড়িয়েছে ৪০০ মিলিয়ন ডলারে।


