খেলা ডেস্ক: ২০০৬ ফুটবল বিশ্বকাপের পর আবারও ইউরোপে ফিরেছে বিশ্বকাপ। সবশেষ জার্মানির পর এবার বিশ্বের জমজমাট ও বড় আসরের আয়োজক ইউরোপের আরেক দেশ রাশিয়া। দেশটির ১১টি শহরের মোট ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচগুলো।
চলছে ময়দানী লড়াই শুরুর দিনক্ষণ গননা। হাতে সময় খুব কম। তাই জোর প্রস্তুতি শুরু করেছে আয়োজক রাষ্ট্র রাশিয়া। প্রথমবারের মতো বিশ্বকাপের আয়োজক রাশিয়া নিজেদের শ্রেষ্ঠত্ব জানান দেওয়ার চেষ্টা করছে অভিনব সব বিশ্বকাপ ভেন্যু নির্মান করে। আসর শুরুর আগেই সেগুলো নিয়ে চলেছে নানা ধরনের বিজ্ঞাপন। ‘গ্রেটেস্ট শো অন আর্থে’-র ময়দানী লড়াই শুরুর আগে রাইজিংবিডির পাঠকদের জন্য রয়েছে রাশিয়া বিশ্বকাপে মোট ১২টি ভেন্যু বিবরন:

মরডোভিয়া অ্যারেনা
২০১৮ বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে মরডোভিয়া অ্যারেনা স্টেডিয়ামটি তৈরির সিদ্ধান্ত নেয় আয়োজক দেশ রাশিয়া। মরডোভিয়ান গোষ্ঠীর সম্প্রদায়ের মানুষের সঙ্গে রাশিয়ার অন্য মানুষদের এক হওয়ার ১০০০ হাজার বছর পূর্তিতে এ স্টেডিয়ামটি নির্মানের পরিকল্পনা আসে। ইসনার নদীর তীরে শহরের কেন্দ্র অবস্থিত এই স্টেডিয়ামটি।
স্টেডিয়ামটির নির্মাণকাজ শুরু হয় ২০১০ সালে। মরডোভিয়া অ্যারেনা স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা প্রায় ৪৫ হাজার। তবে বিশ্বকাপ শেষ হওয়া পর কিছু অংশের সংস্কার করা হবে। তখন এ স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা হবে মাত্র ২৮ হাজার। স্টেডিয়ামটি নির্মাণে ব্যয় হয়েছে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার।

স্টেডিয়ামটির আকৃতি উপাবৃত্তাকার। সাদা এবং লাল রঙে উজ্জ্বলভাবে রাঙানো হয়েছে মরডোভিয়া অ্যারেনাকে। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে এ স্টেডিয়ামে। ১৬ জুন পেরু এবং ডেনমার্কের মধ্যকার ম্যাচ দিয়ে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ আয়োজনের সাক্ষী হবে এ স্টেডিয়ামটি।


