বিশ্বকাপে আইসল্যান্ড ইতিহাস গড়ে

ক্রীড়া ডেস্ক : প্রথমবারের মতো বিশ্বকাপের মূলপর্বে উঠেছে আইসল্যান্ড। সেই সঙ্গে জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ক্ষুদ্রতম দেশ হিসেবে বিশ্বকাপে ওঠার রেকর্ড গড়েছে মাত্র ৩ লাখ ৩৫ হাজার মানুষের দেশটি।

ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বের শেষ ম্যাচে সোমবার রাতে কসোভোকে ২-০ গোলে হারিয়ে ‘আই’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আইসল্যান্ড। দশ লাখের কম জনসংখ্যার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল তারা।

এর আগে সবচেয়ে ক্ষুদ্রতম দেশ হিসেবে বিশ্বকাপে খেলার রেকর্ড ছিল ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর। তারা যখন ২০০৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছিল, তখন তাদের জনসংখ্যা ছিল ১.৩৭ মিলিয়ন।

কোসোভোকে হারানো ম্যাচে আইসল্যান্ডের হয়ে একটি করে গোল করেছেন গিলফি সিগার্ডসন ও জোহান গুডমান্ডসন। বাছাইপর্বে ১০ ম্যাচের ৭টিতেই জেতা দলটির পয়েন্ট ২২। এই গ্রুপের রানার্সআপ হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া।

২০১৬ ইউরোর শেষ ষোলোতে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেই ইতিহাস গড়েছিল আইসল্যান্ড। এক বছর যেতে না যেতে এবার প্রথমবারের মতো বিশ্বকাপেও জায়গা করে নিল তারা। অথচ নারী ও পুরুষ মিলিয়ে দেশটিতে নিবন্ধিত ফুটবলারের সংখ্যা মাত্র ২০ হাজার!

ক্ষুদ্রতম দেশ হিসেবে বিশ্বকাপে
আইসল্যান্ড (৩৩৫, ০০০)
ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (১.৩৭ মিলিয়ন)
নর্ডান আয়ারল্যান্ড (১.৮৫ মিলিয়ন)
স্লোভেনিয়া (২.০৮ মিলিয়ন)
জ্যামাইকা (২.৮৯ মিলিয়ন)
ওয়েলস (৩.১ মিলিয়ন)

তথ্যসূত্র : বিবিসি অনলাইন, গোল ডটকম।