বিশ্বকাপে গোলের রাজারা

বিশ্বকাপের ইতিহাস আসলে গোলের ইতিহাস। চার বছর পরপর পৃথিবীর সবচেয়ে বড় ফুটবল মঞ্চে যে দল যত বেশি গোল করেছে, সেই দল তত বেশি স্মৃতি, আনন্দ, কান্না আর কিংবদন্তির জন্ম দিয়েছে। ১৯৩০ সালে উরুগুয়ের মাঠে প্রথম বিশ্বকাপের বল গড়ানোর পর থেকে ২০২৬ বিশ্বকাপের শুরু পর্যন্ত গোলের এই মহাকাব্যে সবচেয়ে সফল দল এখন জার্মানি।

বিশ্বকাপের সর্বাধিক ২৩৯ গোল করেছে জার্মানি। জার্মান ফুটবলের আক্রমণ শক্তি তাদের এই অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ১৯৫৪ সালের অলৌকিক জয় থেকে শুরু করে ১৯৭৪, ১৯৯০ এবং ২০১৪ প্রতিটি আসরেই জার্মানি গোল করেছে।

জার্মানির ঠিক পেছনেই রয়েছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপে করেছে ২৩৮ গোল। মাত্র এক গোলের ব্যবধানে পিছিয়ে থাকা ব্রাজিলিয়ানদের এই সাফল্যের নায়করা হলেন পেলে, জাইরজিনহো, রোমারিও, রোনালদো, রিভালদো, রোনালদিনিও, নেইমাররা। বিশ্বকাপে সৌন্দর্যের ভাষা যদি কোনো দল লিখে থাকে, তবে সেটি ব্রাজিল।

তৃতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপে আলবিসেলেস্তেদের গোলসংখ্যা ১৫২। ম্যারাডোনার জাদু, বাতিস্তুতার বজ্রগতি, কেম্পেসের নৈপুণ্য আর লিওনেল মেসির স্বপ্নপূরণের পথ মিলিয়ে আর্জেন্টিনার প্রতিটি গোল যেন আবেগের অন্য নাম।

চতুর্থ স্থানে আছে ফ্রান্স। বিশ্বকাপে ফরাসিদের গোল ১৩৬। প্লাতিনি, জিদান, অঁরি, গ্রিজম্যান থেকে এমবাপ্পে প্রজন্মের পর প্রজন্ম ধরে ফ্রান্স গোলের ধারাবাহিকতা ধরে রেখেছে।

পঞ্চম স্থানে রয়েছে ইতালি। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির গোলসংখ্যা ১২৮। শক্ত রক্ষণভাগের জন্য বিখ্যাত হলেও প্রয়োজনের মুহূর্তে ইতালির আক্রমণভাগও ইতিহাস গড়েছে।

প্রতিটি সংখ্যা শুধু গোল নয় এগুলো হাজারো গ্যালারির উল্লাস, কোটি মানুষের স্বপ্ন আর ফুটবল ইতিহাসের অমর মুহূর্ত।

বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকাও রোমাঞ্চকর। দীর্ঘদিন ধরে এই তালিকার শীর্ষে ছিলেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও। পরে তাকে ছাড়িয়ে যান জার্মানির গোলমেশিন মিরোস্লাভ ক্লোসে।

বিশ্বকাপ ইতিহাসের সর্বাধিক গোলদাতা মিরোস্লাভ ক্লোসে(১৬), রোনালদো নাজারিও(১৫), গার্ড মুলার(১৪), জুস্ত ফঁতেন (১৩), লিওনেল মেসি(১৩), পেলে (১২ ), শানদোর কচিস(১১),ইউর্গেন ক্লিন্সমান(১১), হেলমুট রাহন (১০) ও গ্যাব্রিয়েল বাতিস্তুতা(১০)।

জার্মানির ২৩৯ গোলের ভেতরে আছে ১৯৫৪ সালের অলৌকিকতা, ব্রাজিলের ২৩৮ গোলের ভেতরে আছে পেলের হাসি, আর্জেন্টিনার ১৫২ গোলের ভেতরে আছে ম‍্যারাডোনার বিস্ময় আর মেসির স্বপ্নপূরণ। ফ্রান্সের ১৩৬ গোলের মধ্যে আছে জিদানের শিল্প, ইতালির ১২৮ গোলের মধ্যে আছে পাওনা রসির উল্লাস।