ক্রীড়া ডেস্ক: শুক্রবার রাতে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ব্রাজিল। ব্রাজিলের আগে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে বিদায় নেয় উরুগুয়ে।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যে আট দল উঠেছিল তাদের মধ্যে ব্রাজিল ও উরুগুয়েই ছিল ইউরোপের বাইরের। বাকি ছয় দলই ইউরোপের। রাশিয়া বিশ্বকাপ যে ইউরোপের দলই জিততে যাচ্ছে তা এক প্রকার নিশ্চিত। ফ্রান্স, বেলজিয়াম এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। আজ রাতে মাঠে নামবে সুইডেন-ইংল্যান্ড এবং রাশিয়া-ক্রোয়েশিয়া। চার দলের থেকে দুই দল যাচ্ছে সেমিফাইনালে।
পঞ্চমবারের মতো ফুটবল বিশ্বকাপ অল ইউরোপীয়ান সেমিফাইনাল ও ফাইনাল পেতে যাচ্ছে। বিশ্বকাপের ২১তম আসর ইউরোপের দলগুলোর জন্য ভাগ্য নিয়ে এসেছে তা বলার অপেক্ষা রাখে না।
সর্বপ্রথম দ্বিতীয় বিশ্বকাপে (১৯৩৪) হয়েছিল অল ইউরোপীয়ান সেমিফাইনাল ও ফাইনাল। শীর্ষ চার দল ছিল ইতালি, জার্মানি, অস্ট্রেয়া ও চেকোস্লাভিয়া। ১৯৬৬ সালে শেষ চার দল ছিল ইংল্যান্ড, পশ্চিম জার্মানি, পর্তুগাল ও সোভিয়েত ইউনিয়ন।
১৯৮২ সালে ইতালি, পশ্চিম জার্মানি, পোল্যান্ড এবং ফ্রান্স সেমিফাইনাল ও ফাইনাল খেলেছিল। সবশেষ ২০০৬ বিশ্বকাপে ইতালি, ফ্রান্স, জার্মানি ও পর্তুগাল বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল খেলছিল। ১২ বছর পর আবার অল ইউরোপীয়ান সেমিফাইনাল ও ফাইনালের সাক্ষী হতে যাচ্ছে বিশ্বকাপ।
নতুন কোনো দল বিশ্বকাপের সোনালী ট্রফি ঘরে তুলতে পারে কিনা সেটাও দেখার। সেই সুযোগটিও রয়েছে। যে ছয় দল এখন পর্যন্ত টিকে আছে তাদের মধ্যে শিরোপা পায়নি বেলজিয়াম, সুইডেন, রাশিয়া ও ক্রোয়েশিয়া। শুধুমাত্র ইংল্যান্ড এবং ফ্রান্সের শিরোপা জয়ের অভিজ্ঞতা রয়েছে।


