বিশ্ব একাদশকে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক: ইন্ডিপেন্ডেন্স কাপের আগের দুই ম্যাচে এক-এক ব্যবধানে সমতায় ছিল দু’দল। তাই সিরিজ নির্ধারণের জন্য তিন ম্যাচ সিরিজের শেষটিতে চোখ ছিল ক্রিকেট ভক্তদের। গতকাল রাতে শেষটিতে বিশ্ব একাদশকে ৩৩ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক পাকিস্তান।

ঘরের মাঠে ক্রিকেট ফেরানোর লক্ষ্যে ইন্ডিপেন্ডেন্স কাপের এই তিনটি ম্যাচ নিয়ে পাকিস্তানের দর্শকদের আগ্রহ আর উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। গতকাল রাতে শুরুতে ব্যাট করতে নেমে আহমেদ শেহজাদের ৮৯ রানের ইনিংসে ২০ ওভারে পাকিস্তান ৪ উইকেটে ১৮৩ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে বিশ্ব একাদশ তুলতে পারে ১৫০।

বিশ্ব একাদশের হয়ে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তামিম ইকবাল গতকালও পারেননি ভালো কিছু করতে। আউট হয়েছেন ১৪ রানে।

প্রথম দুই ম্যাচের মতো শুক্রবারও পাকিস্তানকে বড় স্কোরের পথে নিয়ে যায় দলের টপ অর্ডার। ২৫ বলে ২৭ রান করে আগে ফেরেন ফখর জামান। তবে ততক্ষণে ৫০ বলে ৬১ রানের উদ্বোধনী জুটি পেয়ে গেছে পাকিস্তান। এরপর শেহজাদ ও বাবর আজমের জুটি এদিনও পাকিস্তানের বড় শক্তি হয়ে দাঁড়ায়। ৩৭ বলে পঞ্চাশ স্পর্শ করে শেহজাদ। অর্ধশতকের পর একটু কমে গিয়েছিল তার গতি। শেষ দিকে আবারও ঝড় তোলেন তিনি। ৫৫ বলে ৮৯ রানে রানআউট হন তিনি। প্রথম ম্যাচের নায়ক বাবর এদিন করেন ৩১ বলে ৪৮। শেষ দিকে যথারীতি দুই ছক্কায় ৭ বলে অপরাজিত ১৭ শোয়েব মালিক।

জয়ের জন্য ১৮৪ রানের লক্ষ্যে বিশ্ব একাদশের রান তাড়ায় প্রথম ওভারেই ইমাদ ওয়াসিমকে তিনটি চার মারেন তামিম। তবে তার দৌড় শেষ দ্বিতীয় ওভারেই। বাঁহাতি পেসার উসমান খানের একটু নিচু হওয়া বলে বোল্ড তামিম। আর তাতেই তার ১০ বলে ১৪ রানের ইনিংসের সমাপ্তি ঘটে। এছাড়া আগের ম্যাচে অপরাজিত ৭২ রান করা হাশিম আমলার বিদায় এদিন ২১ রানে। ১০ ওভারেই টপ অর্ডার ৫ উইকেট হারায় বিশ্ব একাদশ।

১৩ বলে ৩২ রানের ইনিংসে ছোট ঝড় তুললেও দলের হার এড়াতে এদিন ভূমিকা রাখতে পারেননি আগের ম্যাচে বিশ্ব একাদশকে জেতানো থিসারা পেরেরা। ৩২ রান করেছেন ডেভিড মিলার আর ২৪ রানে অপরাজিত ছিলেন স্যামি। শেষপর্যন্ত ১৫০ রানে বিশ্ব একাদশের ইনিংস গুটিয়ে গেলে ৩৩ রানে জয়ের মধ্য দিয়ে সিরিজ জয়ের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে গাদ্দাফি স্টেডিয়ামের গ্যালারিতে।