ক্রীড়া প্রতিবেদক : দুদিন পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ। তবুও টেস্টের সহ-অধিনায়ক তামিম ইকবালকে কথা বলতে হলো ভিন্ন প্রসঙ্গ নিয়ে। প্রসঙ্গটি তামিম ইকবালের পাকিস্তান সফর নিয়ে!
পাঠক ঠিকই পড়ছেন, তামিম ইকবাল পাকিস্তান যাচ্ছেন খেলতে। বিশ্ব একাদশ দলে আছেন বাংলাদেশের তামিম ইকবাল। লাহোরে পাকিস্তান ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বিশ্ব একাদশ। ম্যাচগুলোকে আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতি দিয়েছে আইসিসি। ১২, ১৩ ও ১৫ সেপ্টেম্বর হবে তিনটি ম্যাচ। দিবারাত্রির সবগুলো ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
পাকিস্তান সফরে বিশ্ব একাদশে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন তামিম ইকবাল। শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে তামিম বলেন,‘এটা আইসিসি অ্যাপ্রুভড একটি টুর্নামেন্ট। ম্যাচগুলোর আন্তর্জাতিক মর্যাদা থাকবে। বিশ্ব একাদশকে রিপ্রেজেন্ট করা একটা বড় কথা। ওটার জন্য আমি গর্বিত।’
‘ক্রিকেটিং দশটি দেশ একটা পরিবারের মতো। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে একজনকে না একজনকে তো সহায়তা করতে হবে। আমার মনে হয়, ওরা একটা চমৎকার জিনিস করছে। এই জিনিসটা যদি সফলভাবে আয়োজন করতে পারে সামনে অনেক আন্তর্জাতিক দল পাকিস্তান যাবে।’- যোগ করেন তামিম।
দীর্ঘদিন ধরেই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে চেষ্টা করে আসছে পিসিবি। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপরে জঙ্গি হামলার পর ২০১৫ সালে শুধু জিম্বাবুয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছে পাকিস্তানে।


