বিস্কুটের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ভোলার মনপুরায় বিস্কুটের প্রলোভনে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা থানায় মামলা করার পর অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে গ্রেফতার কিশোর শাকিল আলমকে (১৫ বছর ৮ মাস) বরিশাল শিশু আদালতে পাঠানো হয়। একই সঙ্গে ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

এর আগে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ওই ইউনিয়নে এ ঘটনা ঘটে।

গ্রেফতার শাকিল আলম উপজেলার একই ইউনিয়নের বাসিন্দা খোকন মিয়ার ছেলে ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিস্কুটের প্রলোভন দেখিয়ে ওই শিশুকে বাড়িতে নিয়ে যায় শাকিল। পরে দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় শিশুটির চিৎকার শুনে তার মা সেখানে গিয়ে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় দেখতে পান।

পরে শিশুটির মা চিৎকার করে প্রতিবেশীদের বিষয়টি জানালে স্থানীয়ভাবে মীমাংসার আশ্বাস দেওয়া হয়। তবে ঘটনার পর তিন দিন পেরিয়ে গেলেও কোনো সুরাহা না হওয়ায় শিশুটির মা বাদী হয়ে মনপুরা থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযুক্ত শাকিলকে গ্রেফতার করে।

মনপুরা থানার ওসি মাজাহারুল ইসলাম জানান, ধর্ষণ মামলার প্রধান আসামি শাকিলকে গ্রেফতার করে বরিশাল শিশু আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।