বেনাপোলে ভারত ফেরতদের মধ্যে ১৭ জন করোনা আক্রান্ত

জেলা প্রতিবেদকঃ ভারতীয় করোনার ভ্যারিয়েন্ট ঠেকাতে শুরু থেকেই তৎপর ছিল বাংলাদেশ সরকার। এজন্য বাংলাদেশের নাগরিকদের ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় সরকার। কিন্তু বিশেষ ছাড়পত্র নিয়ে এখনো অনেকে ভারতে যাতায়াত করছেন।

বেনাপোলের ইমিগ্রেশন সূত্র বলছে, সরকার ঘোষিত কড়াকড়ির পর গেল ২৬ এপ্রিল থেকে ২০ মে সকাল পর্যন্ত ভারতে থেকে বাংলাদেশে প্রবেশ করেছেন ৩ হাজার ২২৭ জন নাগরিক। যাদের মধ্যে ভারতীয় ভ্যারিয়েন্টের করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ জন।

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার বিচিত্র মল্লিক জানান, বৃহস্পতিবার ভারত থেকে ফিরেছেন ১০১ জন বাংলাদেশি। তাদের যশোর গাজির দরগা মাদ্রাসা ও বিভিন্ন আবাসিক হোটেলে ১৪ দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পরে ঝুঁকিমুক্ত হলে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হবে। আর যারা করোনা আক্রান্ত হয়ে ফিরছেন বা দেশে ফিরে আক্রান্ত হচ্ছেন তাদের রাখা হচ্ছে করোনা ইউনিটের রেড জোনে।

এদিকে ভারতফেরত কয়েকজন যাত্রী বলছেন, দেশে স্বাস্থ্যসেবা উন্নত হলে এ অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে ভারতে গিয়ে চিকিৎসা করানো দরকার হতো না। দেশের টাকা দেশেই থাকতো, মানুষের দুর্ভোগও কম হতো। করোনা থেকে শিক্ষা নিয়ে বিপদের সময় অতি জরুরি চিকিৎসা ব্যবস্থা আধুনিক করতে হবে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব জানান, কলকাতা দূতাবাস থেকে এনওসি (ছাড়পত্র) নিয়ে প্রতিদিন ভারতে অবস্থানরত বাংলাদেশিরা দেশে ফিরছেন। বাংলাদেশে আটকে পড়া ভারতীয়রা একইভাবে যাচ্ছেন।