ক্রীড়া প্রতিবেদক : বোলারদের বোলিং অ্যাকশণ শুধরাতে দীর্ঘদিন ধরেই কাজ করে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘চাকারদের’ নিয়ে আলাদা করে কাজ করছে বোলিং অ্যাকশন রিভিউ কমিটি।
বোলিং অ্যাকশন ত্রুটি শোধরানোর জন্য মিনি ল্যাবও প্রস্তুত করেছে বিসিবি। নিজস্ব খরচে বিসিবি পিচ ভিশন নামে নতুন একটি সফটওয়্যার কিনেছে। এছাড়াও আধুনিক ক্যামেরা, উন্নতমানের সেন্সর ছাড়াও কিনেছে বিশেষ ম্যাট। ইংল্যান্ডের টেকনিশিয়্যান গত মার্চে মিরপুর হোম অব ক্রিকেটে মিনি ল্যাব হার্ডওয়্যার ও সফটওয়্যরগুলো সেট আপ করেন। পাশাপাশি টেকনিক্যাল কমিটির সদস্যদের ট্রেনিং করান তিনি। এছাড়া বিসিবির কাছে আগের থেকেই ছিল সিলিকন কোচ নামের সফটওয়্যার।
আজ আনুষ্ঠানিকভাবে পিচ ভিশন সফটওয়্যারের যাত্রা শুরু হয়। প্রথম বিভাগ ক্রিকেটের ১২ সন্দেহভাজন বোলারদের তালিকা পেয়েছে বিসিবি। আজ ৯ বোলারের বোলিংয়ের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে রিভিউ কমিটি। প্রথম সেশনে ৭ বোলার ও দ্বিতীয় সেশনে ছিলেন ২ বোলার। খেলায় ব্যস্ত থাকায় ২ খেলোয়াড়ের ভিডিও আগামী সপ্তাহে সংগ্রহ করা হবে।
উন্নত ট্রেনিংয়ের জন্য বিসিবি আবারও বিশেষজ্ঞ প্রশিক্ষক নিয়ে আসছে। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড, সাসেক্স ও কাউন্টির একাধিক দলগুলোর সঙ্গে কাজ করা পিট উইলিয়ামকে ঢাকায় আনছে বিসিবি। আগামী ৭ মে ঢাকায় আসার কথা রয়েছে ইংলিশ বিশেষজ্ঞের।
মূলত সন্দেহভাজন বোলারদের নিয়ে কাজ করেন পিট উইলিয়াম। তবে বাংলাদেশে বোলারদের নিয়ে কোনো কাজ করবেন না তিনি। স্থানীয় কোচ ও বোলিং অ্যাকশন রিভিউ কমিটির সদস্য ও টেনকিন্যাল কর্মকর্তাদের নিয়ে কাজ করবেন পিট উইলিয়াম। বেশ কিছু সেমিনার হওয়ার কথা জানিয়েছেন বিসিবির ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ম্যানেজার নাসির আহমেদ নাসু। সেমিনারগুলোতে কর্মকর্তাদের সঙ্গে থাকবেন বোলাররা। রোববার তিনি সাংবাদিকদের এসব কথা জানান।
চলতি ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত কোনো বোলারের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ পায়নি বিসিবি।


