ব্যস্ত সময় পার করছে জামাল ভূঁইয়ারা

কাতারে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে মঙ্গলবার সকালে (২৫ মে) অনুশীলন করেছেন জাতীয় দলের ফুটবলাররা।

এর আগে সোমবার (২৪ মে) কন্ডিশনিং ক্যাম্প করতে সৌদি আরব যাওয়ার কথা ছিল জামাল ভূঁইয়াদের। কিন্তু কোয়ারেন্টাইন জটিলতায় শেষ মুহূর্তে মধ্যপ্রাচ্যের দেশটিতে আর যাওয়া হয়নি বাংলাদেশ দলের। জাতীয় দল নিয়ে পরপর দুটি পরিকল্পনা ভেস্তে যাওয়ায় প্রশ্ন উঠেছে বাফুফের পেশাদারি ও বিদেশি ফেডারেশনগুলোর সঙ্গে যোগাযোগের সামর্থ্য নিয়ে।

কাতারে ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত এবং ১৫ জুন ওমানের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই ম্যাচে অংশ নেবে বাংলাদেশ। এ তিন ম্যাচ সামনে রেখে প্রস্তুতি ম্যাচ খেলার ইচ্ছের কথা জানিয়েছিলেন কোচ ও ফুটবলাররা। সে অনুযায়ী উদ্যোগ নিয়েছিল বাফুফে।

সৌদি আরব গিয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল লাল-সবুজ জার্সিধারীদের। কিন্তু শেষ মুহূর্তে ভেস্তে গেছে সব পরিকল্পনা।