ব্রাজিলের জন্য সুসংবাদ অপেক্ষা করছে

ক্রীড়া ডেস্ক : কোচের মাথায় প্রত্যেক খেলোয়াড়কে নিয়ে আলাদা আলাদা পরিকল্পনা থাকে। হঠাৎ করে কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়লে বিপাকে পড়তে হয় কোচদের। তখন বিকল্প চিন্তা ও পরিকল্পনা নিয়ে আগাতে হয়। ব্রাজিলের রাইট ব্যাক দানিলো, উইঙ্গার ডগলাস কস্তা ও লেফট ব্যাক মার্সেলো ইনজুরিতে পড়ে ব্রাজিলের কোচ তিতের কপালে ভাজ ফেলে দেন।

তবে ব্রাজিলের জন্য সুসংবাদ অপেক্ষা করছে। ইনজুরি থেকে সেরে উঠেছেন দানিলো। তিনি মেক্সিকোর বিপক্ষে খেলতে পারবেন। অন্যদিকে মার্সেলোও আগের চেয়ে ভালো বোধ করছেন। কোচ চাইলে মেক্সিকোর বিপক্ষে তিনিও খেলতে পারবেন। অন্যদিকে ডগলাস কস্তাও প্রত্যাশার চেয়ে দ্রুত সেরে উঠছেন। সোমবার খেলতে না পারলেও কোয়ার্টার ফাইনালের আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন তিনি।

ব্রাজিল দলের টিম ডাক্তার রদ্রিগো লাসমার দানিলোর বিষয়ে বলেন, ‘দানিলো খেলার জন্য প্রস্তুত। সে আজ অনুশীলন করেছে। মেক্সিকোর বিপক্ষে কোচ তাকে খেলাতে পারবেন।’ সার্বিয়ার বিপক্ষের ম্যাচে পিঠের ইনজুরিতে পড়া মার্সেলোর ব্যাপারে তিনি বলেন, ‘মার্সেলো আজ প্রথমবারের মতো শারীরিক কসরত করেছে। আগের চেয়ে সে ভালো বোধ করছে। তার ইনজুরি মারাত্মক কিছু নয়। মেক্সিকোর বিপক্ষের ম্যাচে তার খেলা নিয়ে আমরা আশাবাদী।’

ডগলাস কস্তার বিষয়ে তিনি বলেন, ‘কস্তা প্রত্যাশার চেয়ে বেশি ভালোভাবে সেরে উঠছেন। তবে সোমবারের ম্যাচে তার খেলার সম্ভাবনা কম।’

তথ্যসূত্র : রয়টার্স, ফিফাডটকম ও মার্কা