ক্রীড়া ডেস্ক : জাপানের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় বেলজিয়াম। শেষ মুহূর্তের গোলে জয় পায় ৩-২ ব্যবধানে। কোয়ার্টার ফাইনালে তারা পেয়েছে বিশ্বকাপের সবচেয়ে সফল দল ব্রাজিলকে। শুক্রবার রাত ১২টায় মুখোমুখি হবে দল দুটি।
তবে ব্রাজিলের ভয়ে ভীত নয় বেলজিয়াম। দলটির অভিজ্ঞ ফুটবলার ভিনসেন্ট কোম্পানি জানিয়েছেন ব্রাজিলকে নিয়ে ভেবে তারা রাতের ঘুম হারাত করতে চাচ্ছে না, ‘ব্যক্তিগতভাবে আমি বলব ব্রাজিল বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দল। তাদের প্রশংসা করতেই হবে। প্রশংসা করলে তো আর তাদের বিপক্ষে আমাদের জেতার সুযোগ কমে যাবে না। ব্রাজিল সবচেয়ে শক্তিশালী দল সেটা ভেবে আমাদের ঘুম হারাম হচ্ছে না। এর আগেও আমরা ব্রাজিলের কাছে হেরেছি। রক্ষণভাগে তারা শক্তিশালী। কংক্রিটের মতো জমাট রক্ষণ তাদের। তারা রক্ষণভাগে ও আক্রমণভাগে প্রায় প্রত্যেক ম্যাচেই ভালো খেলেছে। তারা কাউকেই ভয় পায় না। ব্রাজিল এমন দল যাদের কাছে ম্যাচের যেকোনো সমস্যা থেকে বেরিয়ে আসার চাবি রয়েছে।’
‘তবে আমরা তাদের চোখে চোখ রেখে খেলতে চাই। এই ম্যাচটা যদি আমরা ব্যক্তিগতভাবে খেলতে যাই তাহলে হেরে যাব। দল হিসেবে খেলতে হবে আমাদের। লুকাকু, হ্যাজার্ড, ব্রুইনি সবাই মিলে সেরাটা দিতে পারলে ব্রাজিলকে হারানো সম্ভব। আমরাও ম্যাচ বাই ম্যাচ উন্নতি করছি। এ পর্যন্ত আমরা অনেক গোল করেছি। ব্রাজিলের বিপক্ষে ভিন্ন লেভেলের ফুটবল খেলতে হবে। আমরা পারব, এই ধারনাটা মনে পোষণ করতে হবে।’


