ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হবে সৌদি আরবে

ক্রীড়া ডেস্ক : একদিকে মেসি-আগুয়েরো-ডি মারিয়া আর অন্যদলে নেইমার-মার্সেলো-কুতিনহো।বারুদে ঠাসা এমন উত্তেজনার ম্যাচ সহজেই মিস করতে চাইবেন না ফুটবলপ্রেমিরা। রাশিয়া বিশ্বকাপ শেষেই জানা যায় পরবর্তী আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। এই দু’দলের মর্যাদার লড়াইয়ের পোশাকী নাম ‘সুপার ক্লাসিকো’। দুই চির প্রতিদ্বন্দ্বী দলের মধ্যকার ম্যাচের স্থান ও দিনক্ষণ এতদিন অজানা ছিল। তবে অবশেষে জানা গেছে কবে, কোথায় মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। আগামী মাসের ১৬ তারিখ সৌদি আরবের রিয়াদে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। নিউ জার্সিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামার আগে এই ঘোষণা দেয় ব্রাজিল ফুটবল ফেডারেশন। তবে সৌদি আরব সফরে আরো একটি ম্যাচ খেলবে ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে তারা স্বাগতিক সৌদি আরবের বিপক্ষে একটি ম্যাচ খেলবে। ১২ অক্টোবর সৌদি আরবের বিপক্ষে খেলবে সেলেসাওরা। এসব প্রীতি ম্যাচে ব্রাজিলের নেতৃত্বে থাকবেন স্থায়ীভাবে অধিনায়কের দায়িত্ব পাওয়া নেইমার। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে নেইমারকে স্থায়ী অধিনায়ক ঘোষণা করেন ব্রাজিল কোচ তিতে। তার নেতৃত্বে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছে দলটি। ব্রাজিলের ওই জয়ে নিজে এক গোলসহ সতীর্থের গোলেও ভূমিকা রাখেন নেইমার।