ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মেঘনা নদীতে স্পিডবোট-ট্রলারের সংঘর্ষে পরিবার পরিকল্পনা পরিদর্শকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছন আরও ৮ জন। শনিবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নরসিংদী সদরের সঙ্গীতা এলাকার জুলফু মিয়ার ছেলে ফরিদ মিয়া (৪৫) এবং বাঞ্ছারামপুরের সলিবাবাদ ইউনিয়নের পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক ও একই উপজেলার হোসেনপুরের খুরশিদ মিয়ার ছেলে মাহাবুবুর রহমান জুয়েল (৩৫)।
জানা যায়, যাত্রীবাহী স্পিডবোটটি ১০-১২ জন যাত্রী নিয়ে নরসিংদী থেকে মরিচাকান্দি নৌঘাটে যাওয়ার পথে একটি ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত অবস্থায় উদ্ধারের পর ঢাকায় নেওয়া পথে জুয়েলের এবং নরসিংদী নেওয়ার পথে ফরিদ মিয়ার মৃত্যু হয়।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ বলেন, যাত্রীবাহী স্পিডবোটটি যাত্রী নিয়ে নরসিংদী থেকে মরিচাকান্দি নৌঘাটে যাচ্ছিল, পথে একটি ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত অবস্থায় উদ্ধারের পর দুইজনের মৃত্যু হয়।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।


