ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ১

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল নামক স্থানে সিএনজি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রিয়াজ উদ্দিন (১৪) নামে সিএনজিচালক নিহত হয়েছে।

নিহত রিয়াজ চৌধুরী সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের হাবলাউচ্চ এলাকার হেলাল চৌধুরীর ছেলে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে রামরাইল ব্রিজের উপরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে রামরাইল সিএনজি গ্যাস পাম্প থেকে গ্যাস নিয়ে সুলতানপুরের দিকে যাচ্ছিল সিএনজিটি।পথে রামরাইল ব্রিজে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালক রিয়াজ নিহত হয়।
খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। ট্রাকটির সন্ধানে কাজ করছে পুলিশ।