ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত হয়েছে রাশিয়ার। উদ্বোধনী ম্যাচে ডেনিশ চেরিশেভের জোড়া গোলে সৌদি আরবকে ৫-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। ১৯৩৪ সালের পর বিশ্বকাপের প্রথম ম্যাচে স্বাগতিক দলের সবচেয়ে বড় জয় এটিই।
পরিসংখ্যানে জেনে নেওয়া যাক রাশিয়া বিশ্বকাপের প্রথম ম্যাচের কিছু রেকর্ড :
*বিশ্বকাপের আগের ২০ আসরে স্বাগতিক দেশ তাদের প্রথম ম্যাচে কখনোই হারেনি। ২১তম আসরে রেকর্ডটা ধরে রাখল রাশিয়া। ২২ ম্যাচের মধ্যে জয় ১৬টি, ড্র ৬টি। এক ম্যাচ বেশি হওয়ার কারণ, ২০০২ সালে স্বাগতিক দেশ ছিল দুটি- দক্ষিণ কোরিয়া ও জাপান।
*রাশিয়ার ৫-০ গোলের জয় বিশ্বকাপের ইতিহাসে কোনো স্বাগতিক দেশের দ্বিতীয় বড় জয়। সবচেয়ে বড় জয়টি এসেছিল ১৯৩৪ সালের টুর্নামেন্টে। সেবার স্বাগতিক ইতালি যুক্তরাষ্ট্রকে হারিয়েছিল ৭-১ গোলে।
* সৌদি আরব বিশ্বকাপে তাদের শেষ ১১ ম্যাচে জেতেনি (২ ড্র, ৯ হার)। বিশ্বকাপে তাদের সবশেষ জয় ১৯৯৪ সালের টুর্নামেন্টে, বেলজিয়ামের বিপক্ষে ১-০ গোলে।
*সৌদি আরব এই নিয়ে পঞ্চমবার বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলছে, প্রতিবারই তারা তাদের প্রথম ম্যাচ জিততে ব্যর্থ হয়েছে (১ ড্র, ৪ হার)।
*১৯৯৪ সালে অভিষেকের পর সৌদি আরব বিশ্বকাপে হেডে গোল হজম করেছে ১৪টি, যা এই সময়ের মধ্যে অন্য কোনো দলের চেয়ে পাঁচটি বেশি (যুক্তরাষ্ট্র ৯টি)।
*২০১৮ বিশ্বকাপে প্রথম গোল করেছেন ইউরি গাজিনস্কি। ১৯৯০ সালের পর প্রথমবার বিশ্বকাপের প্রথম গোলটি এলো হেড থেকে।
*বিশ্বকাপের ইতিহাসে উদ্বোধনী ম্যাচে বদলি হিসেবে নেমে গোল করা প্রথম খেলোয়াড় হলেন ডেনিশ চেরিশেভ।
*গাজিনস্কি (সপ্তম ম্যাচ) ও চেরিশেভ (দ্বাদশ ম্যাচ) দুজনই রাশিয়ার জার্সিতে তাদের প্রথম গোল করলেন এই ম্যাচে।
*বদলি হিসেবে মাঠে নামার ৮৯ সেকেন্ডেই গোল করেছেন আর্টেম জুবা। ২০০২ সালের টুর্নামেন্টে যুক্তরাষ্ট্রের বিপক্ষে পোল্যান্ডের মার্চিন জিলাকোর (৬৪ সেকেন্ড) পর বিশ্বকাপে কোনো বদলি খেলোয়াড়ের সবচেয়ে দ্রুততম গোল এটি।
*এই ম্যাচে সার্গেই ইগনাসেভিচ রাশিয়া/সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে খেললেন (৩৮ বছর ৩৩৫ দিন)।


