বড় লিডের আশা তামিমের

ক্রীড়া প্রতিবেদক : সফরকারী অস্ট্রেলিয়াকে ২১৭ রানে অলআউটের পর ঢাকা টেস্টের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ।

স্কোর: বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ১৩৩/৩। তামিম ৭৬*, মুশফিক ২৫*।

লিড: ১৭৬ রান

অস্ট্রেলিয়া: প্রথম ইনিংস ২১৭/১০।

তামিম-মুশফিকের অর্ধশতকের জুটি: তামিম ও মুশফিকের ব্যাটে দেড়শ রানের লিড ছাড়িয়েছে বাংলাদেশ। মিরপুরে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তারা দুজনে অর্ধশত রানের জুটি গড়েছেন। ১৪৮ বলে তামিম ৭৫ আর ৫৬ বলে ২৫ রান নিয়ে অপরাজিত রয়েছেন মুশফিক।

দেড়শ ছাড়াল লিড: তামিম ইকবালের ব্যাটিং দৃঢ়তায় দেড়শ ছাড়িয়েছে বাংলাদেশের লিড। মিরপুরে তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসেও তামিমের ব্যাট আলো ছড়াচ্ছে। দিনের শুরুতে তাইজুল আর ইমরুল কায়েস ফিরলেও তামিমকে এই মুহূর্তে যোগ্য সঙ্গ দেওয়ার চেষ্টা করছেন অধিনায়ক মুশফিক। তামিম ৬৭ ও মুশফিক ২২ রান নিয়ে ব্যাট করছেন।

দলীয় ১০০ ছাড়িয়ে বাংলাদেশ: তামিম ইকবালের ফিফটিতে ভর করে মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে দলীয় সংগ্রহ ১০০ ছাড়িয়েছে বাংলাদেশ। দিনের শুরুতেই নাইটওয়াচম্যান তাইজুলকে বিদায় করেন নাথান লায়ন। এরপর ক্রিজে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি ইমরুল কায়েসও। সেই লায়নের বলে ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ২ রানে ফেরেন তিনি। তবে এক প্রান্ত আগলে রেখে নিজের চওড়া কাঁধে দলকে টানছেন তামিম। ৫৯ রানে তামিমের সঙ্গে এখন ব্যক্তিগত ১৭ রান নিয়ে ব্যাট করছেন অধিনায়ক মুশফিক।

তামিমের ফিফটি: ঢাকা টেস্টের প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ফিফটি তুলে নিয়েছেন তামিম। গতকাল ৩০ রানে অপরাজিত থাকার পর আজ সকালে মাঠে নেমে ফিফটি তুলে নিয়েছেন তিনি। নিজের পঞ্চাশতম টেস্টে দুই ইনিংসেই ফিফটির দেখা পেলেন তামিম। টেস্ট ক্যারিয়ারে দেশসেরা এ ওপেনারের এটি ২৪তম ফিফটি। ১০৯ বল মোকাবেলা করে ৬টি চারে ফিফটি তুলে নেন তামিম। অ্যাস্টন অ্যাগারের ৩৫তম ওভারের দ্বিতীয় বলে চার মেরে ফিফটি পূরণ করেন এ তারকা ব্যাটসম্যান।

লায়নের দ্বিতীয় শিকার ইমরুল: ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ডাক মেরেছিলেন ইমরুল কায়েস। দ্বিতীয় ইনিংসেও হাসেনি তার ব্যাট। মিরপুরে আজ দ্বিতীয় ইনিংসে আউট হয়েছেন ব্যক্তিগত ২ রানে। নাথান লায়নের করা ইনিংসের ৩৪ তম ওভারের দ্বিতীয় বলে সেকেন্ড স্লিপে ওয়ার্নারের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান তিনি।

এলবিডব্লিউর ফাঁদে তাইজুল: লায়নের আগের ওভারের প্রথম বলেই চার মেরে বাংলাদেশের লিড ১০০তে নিয়ে গিয়েছিলেন তাইজুল ইসলাম। কিন্তু ২৮তম ওভারের প্রথম বলেই সাজঘরে ফিরতে হয়েছে তাকে। লায়নের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ব্যক্তিগত ৪ রানে আউট হয়ে ফিরে যান তাইজুল।

১০০ ছাড়াল লিড: নাথান লায়নের ২৬ তম ওভারের প্রথম বলে তাইজুল বাউন্ডারি হাকাঁনোয় ১০০ ছাড়িয়েছে বাংলাদেশের লিড। এই সময়ে তামিম ৪২ ও তাইজুল ৪ রানে ব্যাট করছেন। দিনের শুরুতেই তাদের শুভসূচনাই বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দিতে পারে।

৮৮ রানের লিডে শুরু: মিরপুরে গতকাল নিজেদের দ্বিতীয় ইনিংসে ২২ ওভারে ৪৫ রান করে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। ফলে আজ ৮৮ রানের লিড নিয়ে তৃতীয় দিন শুরু করতে পেরেছে তামিম-তাইজুলরা। দিন শেষ হওয়ার মাত্র দুই ওভার আগে গতকাল ওপেনার সৌম্য সরকার আউট না হলে আজ পুরো ১০ উইকেট নিয়েই খেলতে পারতো টাইগাররা। তবে ধৈর্য্যের পরিচয় দিয়ে তামিম অপরাজিত রয়েছেন ৩০ রানে। তার সঙ্গে নাইটওয়াচম্যান হিসেবে গতকাল ৯ বল মোকাবেলা করলেও কোনো রান না করে অপরাজিত ছিলেন তাইজুল ইসলাম।