ক্রীড়া ডেস্ক : জহির খানকে প্রথমে ভারতের বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু বিষয়টি পছন্দ হয়নি প্রধান কোচ রবি শাস্ত্রীর। তিনি জহির খানের মতো কোচিং পেশায় অনভিজ্ঞকে কোচ হিসেবে নয়, পরামর্শক হিসেবে চেয়েছেন। আর ভরত অরুণকে চেয়েছেন বোলিং কোচ হিসেবে।
শাস্ত্রীর চাওয়ার উপর গুরুত্ব দিয়েছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। ভারতের বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অরুণকে। দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অরুণ। ২০১৯ সাল পর্যন্ত তিনি ভারত দলের বোলিং কোচের দায়িত্ব পালন করবেন। জহির খান ও রাহুল দ্রাবিড় থাকছেন যথাক্রমে বোলিং ও ব্যাটিং পরামর্শক হিসেবে।
এর আগে শাস্ত্রী যখন ভারতের টিম ডিরেক্টর ছিলেন তখন অরুণ বোলিং কোচ ছিলেন। সে কারণেই শাস্ত্রী তার বিশ্বস্ত সঙ্গীকে বোলিং কোচ হিসেবে চেয়েছে। অরুণের সঙ্গে তার বোঝাপোড়াও ভালো। অরুণকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পাশাপাশি সঞ্জয় বাঙ্কারকে সহকারি কোচ হিসেবে রেখেছে বিসিসিআই।


