ক্রীড়া ডেস্ক : দুই সেঞ্চুরি আর চার ফিফটিতে কলম্বো টেস্টে রানের পাহাড় গড়েছে ভারত। ৯ উইকেটে ৬২২ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
শ্রীলঙ্কায় সফরকারী দলের এর চেয়ে বড় সংগ্রহ আছে আর মাত্র দুটি। ২০১০ সালে ভারতই কলম্বোর এই মাঠেই করেছিল ৭০৭ রান। ২০১২-১৩ মৌসুমে গলে বাংলাদেশ করেছিল ৬৩৮।
দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ৫০ রান। কুশল মেন্ডিস ১৬ ও দিনেশ চান্দিমাল ৮ রানে অপরাজিত আছেন। এখনো ৫৭২ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা।
প্রথম দিনেই সেঞ্চুরি পেয়েছিলেন চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানে। ভারত দিন শেষ করেছিল ৩ উইকেটে ৩৪৪ রানে। পূজারা ১২৮ ও রাহানে ১০৩ রান নিয়ে শুক্রবার দ্বিতীয় দিন শুরু করেন।
আগের দিনের সঙ্গে এদিন ব্যক্তিগত খাতায় আর ৫ রান যোগ করতেই অবশ্য ফিরে গেছেন পূজারা। দিনের দ্বিতীয় ওভারে দিমুথ করুনারত্নের বলে এলবিডব্লিউ হয়েছেন ৫০তম টেস্ট খেলতে নামা ডানহাতি এই ব্যাটসম্যান। ২৩২ বলে ১১ চার ও এক ছক্কায় ১৩৩ রান আসে পূজারার ব্যাট থেকে। তার বিদায়ে ভাঙে ২১৭ রানের বড় জুটি।
রাহানেও ফিরেছেন লাঞ্চের প্রায় আধা ঘণ্টা আগেই। অভিষিক্ত বাঁহাতি স্পিনার মিলিন্ডা পুষ্পকুমারার বলে ডিকভেলার হাতে স্টাম্পড হওয়ার আগে তিনি করেছেন ১৩২। ভারতের সংগ্রহ তখন ৫ উইকেটে ৪১৩।
এরপর দলকে টেনেছেন রবিচন্দ্রন অশ্বিন, ঋদ্ধিমান সাহা ও রবীন্দ্র জাদেজা। তিনজনই পেয়েছেন ফিফটি। অশ্বিন হেরাথকে ছক্কা হাঁকিয়ে ফিফটি পূর্ণ করার পাশপাশি ২ হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন।
সেই সঙ্গে তিনি টেস্ট ইতিহাসে সবচেয়ে দ্রুততম ২ হাজার রান ও ২৫০ উইকেটের অসাধারণ ‘ডাবল’ অর্জন করেছেন। অশ্বিন মাইলফলক ছুঁলেন ৫১তম টেস্টে। আগের রেকর্ড ছিল রিচার্ড হ্যাডলির ৫৪ টেস্টে।
অশ্বিন হেরাথকে ছক্কা হাঁকিয়ে ফিফটি করার পরের বলেই বোল্ড হয়ে ফিরেছেন। এরপর দ্রুত ২০ বলে ২০ রান করে দলের সংগ্রহটা পাঁচশ’র কাছে নিয়ে গিয়ে ফিরেছেন হার্দিক পান্ডিয়া।
দলের সংগ্রহটা ছয়শ’তে নিয়ে গেছেন ঋদ্ধিমান, জাদেজা ও মোহাম্মদ শামি। হেরাথের বলে স্টাম্পড হওয়ার আগে ঋদ্ধিমান করেছেন ৬৭। ৮ বলে ১ চার ও ২ ছক্কায় ১৯ রানের ছোট্ট ঝোড়ো ইনিংস খেলেন শামি। আর জাদেজা ৮৫ বলে ৭০ রানে অপরাজিত ছিলেন। ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার হেরাথ।
জবাবে এদিন ২০ ওভার খেলার সুযোগ পেয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু দ্বিতীয় ওভারেই অশ্বিনের বলে লোকেশ রাহুলকে ক্যাচ দিয়ে ফেরে উপুল থারাঙ্গা। শ্রীলঙ্কার সংগ্রহ তখন ১ উইকেটে শূন্য!
দিনের শেষ দিকে আরেক ওপেনার দিমুথ করুনারত্নেকেও (২৫) সাজঘরের পথ দেখান অশ্বিন। তখন ৩৩ রানেই ২ উইকেট নেই শ্রীলঙ্কার। বাকি সময়ে আর কোনো বিপদ হতে দেননি মেন্ডিস ও চান্দিমাল।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত প্রথম ইনিংস: ১৫৮ ওভারে ৬২২/৯ ডিক্লে. (পূজারা ১৩৩, রাহানে ১৩২, জাদেজা ৭০*, ঋদ্ধিমান ৬৭, রাহুল ৫৭, অশ্বিন ৫৪; হেরাথ ৪/১৫৪, পুষ্পকুমারা ১/১৫৬, করুনারত্নে ১/৩১, দিলরুয়ান ১/১৪৭)।


