ক্রীড়া ডেস্ক : রাজনৈতিক বৈরী সম্পর্কের কারণে ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যকার দ্বিপক্ষিয় লড়াই উপভোগ থেকে বঞ্চিত রয়েছে ক্রিকেট ভক্তরা।
২০১৪ সালে ছয়টি দ্বিপক্ষিয় সিরিজের জন্য দু’দল চুক্তিবদ্ধ হলেও তা ভঙ্গ করেছে ভারত। রাজনৈতিক উত্তেজনা বাড়ায় সেগুলো আর মাঠ পর্যন্ত গড়ায়নি। তাই কয়েকদিন আগে সেগুলোর জন্য ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
তবে দুই দেশের মধ্যকার ক্রিকেটীয় সম্পর্ক ফের জোড়া লাগাতে কাজ করে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিরাপত্তা হুমকি থাকা সত্বেও ভারতে গিয়ে পাকিস্তান দল ক্রিকেট খেলার জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান।
এ প্রসঙ্গে এক সাক্ষাতকারে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান বলেন, ‘আমরা ভারতে গিয়ে খেলতে প্রস্তুত। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাদের দলকে আমাদের সঙ্গে খেলতে দিচ্ছে না। এমনি সেটা তাদের দেশেও।’
শাহরিয়ার খান আরও বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে কাউন্সিল (আইসিসি) ভারত ও পাকিস্তানের মধ্যকার সিরিজকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিরিজ বলে গ্রহণ করেছে। পাকিস্তান ও ভারতের মধ্যকার একটি সিরিজে সবচেয়ে বেশি রাজস্ব আয় হয়। আইসিসি নিজেও তা স্বীকার করেছে। আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যেতে চাই যেমনটা তারাও করছে। তবে ভারতের বিপক্ষে সিরিজ না হওয়ায় আমাদের রাজস্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিসিসিআইয়ের সাথে যে চুক্তিতে আমরা স্বাক্ষর করেছি এর কোথাও ছিল না যে সরকারের অনুমতি পেলে ভারত আমাদের সঙ্গে খেলবে।’


