ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, ভারত কখনোই চায় না সীমান্তে কোনো প্রাণহানি ঘটুক। এজন্য বিএসএফকে নির্দেশনাও দেওয়া আছে। তিনি বলেন, বিএসএফ কখনো কোনো বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি চালায় না। কিন্তু সীমান্ত সুরক্ষায় কখনও কখনও নিজের আত্মরক্ষার্থে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফকে গুলি চালাতে বাধ্য হতে হয়।
সোমবার (১৫ নভেম্বর) সকালে দিনাজপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিক্রম কুমার দোরাইস্বামী।
তিনি আরও বলেন, সীমান্তে অনুপ্রবেশ বন্ধে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী যৌথভাবে কাজ করবে এবং সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা বা প্রাণহানি শূন্যে নেমে আসবে।
এর আগে দিনাজপুর শহরের রায়সাহেব বাড়িতে শ্রী শ্রী লোকনাথ মন্দির মাল্টিপারপাস কমিউনিটি হল উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশে বক্তব্য দেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।


