বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে ভারোত্তোলনের শেষদিনে নারী বিভাগে চার ও পুরুষ বিভাগে পাঁচটি রেকর্ড হয়েছে।
শুক্রবার (৯ এপ্রিল) নারীদের ৮৭ কেজি ওজন বিভাগে স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক ও মোট ওজনে রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর তানিয়া খাতুন। নারীদের ঊর্ধ্ব-৮৭ কেজি ওজন বিভাগে স্ন্যাচে রেকর্ড গড়েছেন বাংলাদেশ আনসারের সোয়াইবা রোকাইয়া।
পুরুষদের ঊর্ধ্ব-১০৯ কেজি ওজন বিভাগে স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক ও মোট ওজনে রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ফরহাদ আলী। ১০৯ কেজি ওজন বিভাগের ক্লিন অ্যান্ড জার্ক ও মোট ওজনে রেকর্ড গড়েছেন সেনাবাহিনীর আব্দুল্লাহ আল মোমিন।
৮৭ কেজি ওজন শ্রেণীতে তিন ক্যাটাগরিতে রেকর্ড গড়ে সোনা জয়ের পথে স্ন্যাচে ৬২, ক্লিন অ্যান্ড জার্কে ৭৬, মোট ১৩৮ কেজি তুলেছেন তানিয়া খাতুন। রুপা জয়ী বাংলাদেশ জেলের সাকেরা খাতুন স্ন্যাচে ৫৩, ক্লিন অ্যান্ড জার্কে ৬৩, মোট ১১৬ কেজি তুলেছেন।
ব্রোঞ্জ জয়ী বাংলাদেশ আনসারের মিঞ্জু আক্তার স্ন্যাচে ৫১, ক্লিন এন্ড জার্কে ৬৪, মোট ১১৫ কেজি তুলেছেন।
নারীদের ঊর্ধ্ব-৮৭ কেজি ওজন বিভাগে সোনা জয়ের পথে বাংলাদেশ সেনাবাহিনীর নাজনীন আক্তার মুন্নি স্ন্যাচে ৫৭, ক্লিন অ্যান্ড জার্কে ৭২, মোট ১২৯ কেজি তুলেছেন। বাংলাদেশ আনসারের সোয়াইবা রহমান রাফা স্ন্যাচে রেকর্ড ৫৭ কেজি, ক্লিন অ্যান্ড জার্কে ৭১, মোট ১২৮ কেজি তুলে রুপা জিতেছেন।
এছাড়া ব্রোঞ্জ জয়ের পথে বাংলাদেশ জেলের মার্জিয়া আক্তার স্ন্যাচে ৫৪, ক্লিন অ্যান্ড জার্কে ৫৫, মোট ১০৯ কেজি তুলেছেন।
এদিকে, পুরুষদের ঊর্ধ্ব-১০৯ কেজি ওজন বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর ফরহাদ আলী তিন ক্যাটাগরিতে রেকর্ড গড়ার পথে স্ন্যাচে ১২১, ক্লিন অ্যান্ড জার্কে ১৪৭, মোট ২৬৭ কেজি তুলেছেন। রুপা জয়ী বাংলাদেশ আনসারের তায়েফুর রহমান স্ন্যাচে ১১০, ক্লিন অ্যান্ড জার্কে ১৪০, মোট ২৫০ কেজি তুলেছেন। ব্রোঞ্জ জয়ের পথে একই দলের সুদীপ্ত দাস স্ন্যাচে ১০০, ক্লিন অ্যান্ড জার্কে ১৩৮, মোট ২৩৮ কেজি তুলেছেন।
ভারোত্তোলনের ২০ ইভেন্টে সমান, ১০টি করে সোনা জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ আনসার।


