ময়মনসিংহের ভালুকায় ডাম্পট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা ইউনিয়নের রাংচাপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে উপজেলার ভরাডোবা ইউনিয়নের ধলিয়া সড়কের রাংচাপড়া এলাকায় ডাম্পট্রাক বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ভালুকা মডেল থানার ওসি আবদুল কাদের এ তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।


